লকডাউনে বন্ধ ইবিতে চলবে জরুরি সেবা

আপডেট : ০৫ এপ্রিল ২০২১, ২২:১০

ইবি (কুষ্টিয়া) সংবাদদাতা

সরকারঘোষিত লকডাউন অনুযায়ী ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। তবে এ সময় স্বাস্থ্যবিধি মেনে জরুরি সেবা চালু থাকবে। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ সময় চিকিত্সা, পানি, বিদ্যুত্, নিরাপত্তা, এস্টেট ও আইসিটি সেল চালু থাকবে। তবে এসব দপ্তরে কর্মকর্তা, কর্মচারী ৫০ শতাংশের বেশি হবে না। পাশাপাশি গর্ভবতী, অসুস্থ ও ৫৫ বছর বয়সোর্ধ্ব কর্মকর্তা-কর্মচারীদের বাড়িতে অবস্থান করে কাজ সম্পাদনের ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। অনলাইনে পাঠদান যথারীতি চালু থাকবে। তিনি আরো বলেন, জরুরি প্রয়োজন ছাড়া শিক্ষক-শিক্ষার্থীদের ক্যাম্পাসে না আসার জন্য অনুরোধ করা হয়েছে। যারা আসবেন তাদের উপাচার্য স্যারের অনুমতি নিয়ে আসতে হবে। এছাড়া লকডাউন শেষে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।