মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে নির্মাণাধীন সেপটিক ট্যাংক ধসে মাটি চাপা পড়ে ভনো (৫৫) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত আরো চার শ্রমিক। সোমবার দুপুর ১২টার দিকে মেহেরপুর শহরের ওয়াপদা পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ভনো মুজিবনগর উপজেলার দারিয়াপুর খানপাড়ার মৃত অম্মত আলীর ছেলে। আহতরা হলেন- মোমিনুল (৩৫), যাদু (৪৫), আজমত (৫৫) ও ফজলু (৪৪)। তারা মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে। তাদের মধ্যে মোমিনুলের অবস্থা অশঙ্কাজনক। ঘটনাস্থল পরিদর্শন করেছেন মেহেরপুর পৌর মেয়র ও জেলা পুলিশের একটি দল। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জামিরুল ইসলাম জানান, ঘটনার সঠিক তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
