হাল্যান্ডের সামনে দুরন্ত সিটি
স্পোর্টস ডেস্ক
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসের সবচেয়ে সফল দলটির নাম রিয়াল মাদ্রিদ। ১৩ বার শিরোপা জেতা মাদ্রিদের মতো ইউরোপীয় অভিজাত্য যদি কোনো ইংলিশ দলের থেকে থাকে, সেটি লিভারপুল। প্রিমিয়ার লিগের বাকি সব দলের জেতা সম্মিলিত চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার (৫) চেয়েও লিভারপুলের শিরোপার সংখ্যা বেশি (৬)। এই অভিজাত দুই দল আজ আবার মুখোমুখি হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে। রিয়ালের ঘরের মাঠে অনুষ্ঠিতব্য আজকের প্রথম লেগে লিভারপুলের সামনে সুযোগ থাকছে ২০১৭-১৮ মৌসুমের ফাইনালের প্রতিশোধ নেওয়ার। দিনের অপর কোয়ার্টারে আর্লিং হাল্যান্ডের বরুশিয়া ডর্টমুন্ডকে আতিথ্য দিচ্ছে ম্যানচেস্টার সিটি।
কিয়েভের সেই ফাইনালের কথা নিশ্চয়ই ভুলে যাননি মোহামেদ সালাহ। ১০১৭-১৮ মৌসুমে একাধিক গোলের রেকর্ড ভেঙে ফাইনালে ওঠা আগ্রাসি অলরেডদের শিরোপার স্বপ্ন সেদিন শেষ হয়ে গিয়েছিল ৩০ মিনিটেই। ম্যাচের প্রথম ৩০ মিনিট মাদ্রিদের রক্ষণকে তটস্থ করে রাখা সালাহ ৩১তম মিনিটে অশ্রুসিক্ত হয়ে মাঠ ছেড়ে গিয়েছিলেন, সার্জিও রামোসের ফাউলে ইনজুরড হয়ে। সালাহসহ য়ুর্গেন ক্লপের সব শিষ্যের জন্য সেই ফাইনালের প্রতিশোধ নেওয়ার দিন আজ। এই প্রতিশোধের মিশনে শনিবার আর্সেনালের বিপক্ষে জেতা দলের সবাইকে পাচ্ছেন ক্লপ। ব্যাপক ছন্দে থাকা ডিয়োগো জটা নিশ্চিতভাবেই একাদশে জায়গা করে নিচ্ছেন আজ। মিডফিল্ডে জেমস মিলনারের স্থানে আজ মাঠে নামতে পারেন জর্জিনিয়ো ওয়াইনাল্ডাম। অথবা গত ম্যাচের শেষাংশের মতো ৪-২-৩-২ ফরমেশনে দল সাজাতে পারেন ক্লপ। সেক্ষেত্রে জটাসহ আক্রমণভাগের চার জনই একাদশে থাকছেন।
যখন কোয়ার্টার ফাইনালের ড্র অনুষ্ঠিত হয়েছিল, তখন রিয়ালকেই ফেভারিট হিসেবে দেখা হচ্ছিল। ঘরোয়া ফুটবলের হারের বৃত্তে থাকা লিভারপুল উদ্যোমী করিম বেনজেমাদের সামনে কীভাবে মানিয়ে নেবে, সেই অঙ্ক কষছিল সবাই। কিন্তু গত সপ্তাহে ইনজুরির জন্য মাদ্রিদ অধিনায়ক রামোস ছিটকে যাওয়ায় এবং বিরতির পর আর্সেনালকে উড়িয়ে দিয়ে লিভারপুল শুভ সূচনা করায় হিসাব-নিকাশ অনেকটাই পালটে গেছে। গত দুই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে যেই দুই ম্যাচে খেলতে পারেননি রামোস, সেই দুই ম্যাচ হেরেই বাদ পড়েছিল রিয়াল। তবে আজ অধিনায়ককে না পেলেও অসাধারণ ছন্দে থাকা করিম বেনজেমাকে পাচ্ছে রিয়াল। মিডফিল্ডে ফিরছেন ফেডেরিকো ভালভার্দেও।
এদিকে, লিগ শিরোপা প্রায় নিশ্চিত করে ফেলা ম্যান সিটির এখনো সম্ভাবনা আছে মৌসুমে চার শিরোপা ঘরে তুলার। কোয়াড্রপলের স্বপ্নে বিভোর সিটিজেনরা সেই লক্ষ্যে আজ ডর্টমুন্ডের মুখোমুখি হচ্ছে। ঘরোয়া ফুটবলে কিছুটা ঝঞ্ঝাটের মধ্যে থাকা ডর্টমুন্ডকে এবার চ্যাম্পিয়ন্স লিগে একাই ঠেলে নিয়ে যাচ্ছেন ২০ বছর বয়সি আর্লিং হাল্যান্ড। সিটির বিপক্ষেও এই তরুণ গোলমেশিনের দিকেই তাকিয়ে থাকবে জার্মান দলটি।
