মুন্সীগঞ্জে ৭ হাজার ২০০ কেজি জাটকা উদ্ধার

আপডেট : ০৫ এপ্রিল ২০২১, ২২:২২

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ৭ হাজার ২০০ কেজি জাটকা উদ্ধার করা হয়েছে। নৌপুলিশ গতকাল সোমবার ভোর থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত মিরকাদিমের কাঠপট্টি ঘাটের ধলেশ্বরী-বুড়িগঙ্গা নদীর মোহনায় অভিযান চালিয়ে এই জাটকা উদ্ধার করে। এই সময় জাটকা পরিবহনে একটি ইঞ্জিনচালিত ট্রলার ও একটি স্পিড বোট আটক করা হয়েছে। উদ্ধারকৃত জাটকার আনুমানিক মূল্য প্রায়  সাড়ে ১৪ লাখ টাকা।

মুক্তারপুর-নৌপুলিশ স্টেশনের ইনচার্জ মো. কবির হোসেন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাঠপট্টির কাছের ধলেশ্বরী-বুড়িগঙ্গা নদীর মোহনায় পুলিশ ভোরে অভিযান চালিয়ে একটি ইঞ্জিনচালিত ট্রলারকে ধাওয়া করলে মাছসহ ট্রলার পাড়ে রেখে পালিয়ে যায়। একই স্থানে পুলিশ ওত পেতে থাকলে  সকাল ৭টার দিকে পুলিশের সিগন্যাল অমান্য করে ঢাকার দিকে পালিয়ে যাচ্ছিল। উদ্ধারকৃত জাটকা সদর উপজেলার সিনিয়র মত্স্য কর্মকর্তা মো. টিপু সুলতানের উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা, এতিমখানা ও দরিদ্র পরিবারের মধ্যে বিতরণ করা হয়। ট্রলার ও স্পিড বোটটি নৌপুলিশের হেফাজতে রয়েছে বলে তিনি জানান।