ধামরাই (ঢাকা) সংবাদদাতা
ধামরাইয়ে উন্নয়নের ন্যূনতম ছোঁয়া লাগেনি ৮৫ বছরের পুরোনো শিক্ষাপ্রতিষ্ঠান বেরশ শিবনাথ হাইস্কুল ও আশপাশের এলাকায়। জরাজীর্ণ পাকা ভবনে এবং পুরোনো টিনশেড ঘরে ভাঙাচোরা চেয়ার টেবিলে চলছে ক্লাস। পাঠাগার নেই, কমনরুম নেই, বাথরুম নেই, বিজ্ঞানাগার না থাকারই মতো, নেই কম্পিউটার ল্যাব। আরো হাজারও সমস্যায় জর্জরিত এই শিক্ষাপ্রতিষ্ঠান। বিদ্যালয়ের আশপাশ তথা এলাকায় রাস্তা না থাকায় শিক্ষার্থীরা স্কুলে যাতায়াত করতে পারে না বর্ষা মৌসুমে। সাংবাদিকদের ডেকে এমন আরো সমস্যার কথা তুলে ধরেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. ইকবাল হোসেন। তবে তিনি এ কথাও বললেন, ‘যেহেতু এলাকার বর্তমান সংসদ সদস্য তার নির্বাচনি এলাকায় পাঁচ বছরে পঞ্চাশ বছরের উন্নয়নের ঘোষণা দিয়েছেন, কাজেই এবার কিছু কাজ হতেও পারে।’
এলাকাটি আগে থেকেই খুব অবহেলিত, অনুন্নত ও পিছিয়ে থাকা। আর সে কারণে ভারত থেকে হরিনারায়ণ সেন নামে সনাতন ধর্মের এক ধর্মগুরু এখানে এসে শুরু করেছিলেন ধর্মপ্রচার। ধর্মপ্রচার করতে এসে তারই গুরু শিবনাথ শাস্ত্রীর নামে তিনি প্রায় ১১ বিঘা জমিতে প্রতিষ্ঠা করেন এই শিক্ষাপ্রতিষ্ঠান। এটি উপজেলার সবচেয়ে অবহেলিত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত। এলাকাবাসী এ ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে স্থানীয় সংসদ সদস্যের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু দৃষ্টি কামনা করেন।
