সোনারগাঁও থানার ওসি প্রত্যাহার

আপডেট : ০৫ এপ্রিল ২০২১, ২২:৩৪

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে অবরুদ্ধ করার অভিযোগ তুলে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের রয়েল রিসোর্ট, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ কার্যালয়, যুবলীগ ও ছাত্রলীগ নেতার দুই বাড়ি এবং ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুরের এক দিন পর সোনারগাঁও থানার ওসি মো. রফিকুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। রবিবার গভীর রাতে সোনারগাঁও থানা থেকে প্রত্যাহার করে নারায়ণগঞ্জ পুলিশ লাইনে তাকে সংযুক্ত করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ওসি রফিকুল ইসলামকে জনস্বার্থে বদলি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। গত বছরের ৫ অক্টোবর নারায়ণগঞ্জের বন্দর থানা থেকে সোনারগাঁও থানার ওসির দায়িত্ব গ্রহণ করেন রফিকুল ইসলাম।