তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর নির্বাচনে বর্তমান সভাপতি রুবানা হক ফের পরিচালক নির্বাচিত হয়েছেন। বিজয়ী প্যানেল সম্মিলিত পরিষদের ফারুক হাসানের পরেই ভোটের অঙ্কে তিনি দ্বিতীয় সর্বোচ্চ। এই নির্বাচনে তার পুত্র নাভিদুল হকও পরিচালক নির্বাচিত হয়েছেন। বিজিএমইএর প্রায় চার দশকের নির্বাচনের ইতিহাসে এই প্রথম একই কমিটিতে মা ও ছেলে পরিচালক হিসেবে থাকছেন। নাভিদুল হকের বাবা বিজিএমইএর সাবেক সভাপতি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হক।
নানা আলোচনার মধ্যে গত রবিবার ঢাকায় হোটেল র্যাডিসন ও চট্টগ্রামে বিজিএমইএর আঞ্চলিক কার্যালয়ে ২ হাজার ৩১৪ ভোটারের এই নির্বাচনে ভোট পড়েছে ৮৬ শতাংশ। নির্বাচনে সর্বোচ্চ ১ হাজার ২০৪ ভোট পেয়ে প্রথম হন সম্মিলিত পরিষদের দলনেতা ফারুক হাসান। আর ফোরামের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পান রুবানা হক, ১ হাজার ১৫৭ ভোট। নাভিদুল হক ৯৪৩ ভোট পেয়ে নির্বাচিত হন।
অবশ্য নির্বাচনে ৩৫ পরিচালক পদের বিপরীতে তাদের প্যানেল ‘ফোরাম’ পেয়েছে ১১টি পদ। ফলে ফোরাম পরিচালনা পর্ষদ গঠন করতে পারছে না। ফারুক হাসানের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ পরিচালনা পর্ষদ গঠন করবে। ড. রুবানা হক ও নাভিদুল হক আগামী দুই বছর সংগঠনটির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন। নির্বাচনের বদলে সম্মিলিত পরিষদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে ২০১৯ সালের নির্বাচনে সভাপতি হন ড. রুবানা হক। তিনিই বিজিএমইএর ইতিহাসে প্রথম নারী সভাপতি।
রুবানা হক ইত্তেফাককে বলেন, আমাদের সন্তান মানুষ হিসেবে আমাদের চাইতে অনেক ভালো। মা হিসেবে আশা করি, ছেলে তার মেধা, প্রজ্ঞা ও সততা কাজে লাগিয়ে বোর্ডে কাজ করবে।
আর নাভিদুল হক ইত্তেফাককে বলেন, পরিচালক হওয়ার মধ্য দিয়ে নতুন করে দায়িত্ব বাড়ল। ব্যতিক্রমী অভিজ্ঞতা হবে। বর্তমান বাস্তবতায় সব কারখানা মালিকের সমস্যা প্রায় একই। ভোটারদের ইচ্ছার প্রতিফলনে কাজ করব।
