ব্রাহ্মণবাড়িয়ার ধ্বংসযজ্ঞ

ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের চিহ্নিত করার দাবি হেফাজতের

আপডেট : ০৫ এপ্রিল ২০২১, ২২:৪৬

ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে হামলাকারীদের ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করার দাবি করেছেন হেফাজতে ইসলাম।

হামলায় ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব পরিদর্শনে এসে গতকাল সোমবার হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা সায়েখ সাজিদুর রহমান সাংবাদিকদের এ কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, হেফাজতে ইসলামের ডাকা সারাদেশে হরতাল আমরা ব্রাহ্মণবাড়ীয়ার শান্তিপূর্ণভাবে পালন করছিলাম। এতে কিছু উচ্ছৃঙ্খল লোকজন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসহ প্রেস ক্লাবে হামলা চালিয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। হেফাজতে ইসলামের নেতাকর্মী হতাহতের ঘটনাটির পেছনে উসকানিদাতা রয়েছে দাবি করে তিনি বলেন, এই ঘটনার পেছনে উসকানি দাতাদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা দরকার। পাশাপাশি যারা ভাঙচুর করেছে তাদেরও বের করা দরকার। ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের খুঁজে বের করা দরকার। হামলা ও ভাঙচুরকারীরা হেফাজতে ইসলামের হতে পারে না। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার সাধারণ সম্পাদক ও জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা মুফতি মোবারক উল্লাহ, মাওলানা আলী আযম, মুফতি বোরহান উদ্দিন কাসেমী, মুফতি নোমান হাবিবি, মুফতি বোরহান উদ্দিন আল মতিন, মুফতি মোহাম্মদ এনামুল হাসান, মুফতি জাকারিয়া, মাওলানা তানভীর আহাম্মদ, মুফতি এরশাদ উল্লাহ কাসেমী প্রমুখ।