পূর্ব লন্ডনে বাঙালি প্রধান টাওয়ার হ্যামলেটস বারায় বর্তমান মেয়র পদ্ধতির প্রশাসন ব্যবস্থার অবসান চাইছে রাজনৈতিক দলগুলো। এ নিয়ে আগামী ৬ মে সারা দেশে স্থানীয় সরকার নির্বাচনের পাশাপাশি টাওয়ার হ্যামলেটসে মেয়র পদ্ধতি বহাল রাখা হবে কি না, তা নিয়েও এক গণভোট হতে যাচ্ছে।
টাওয়ার হ্যামলেটসের লেবার, লিবারেল ডেমোক্র্যাটস, কনজারভেটিভ এবং গ্রিন পার্টির রাজনীতিকরা মেয়র পদ্ধতি বিলোপের পক্ষে একযোগে প্রচার চালাচ্ছেন। তারা গড়ে তুলেছেন ‘লিডিং টুগেদার’ ক্যাম্পেইন’। বেথনাল গ্রিন অ্যান্ড বো আসনের বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশনারা আলী এবং বারার বর্তমান মেয়র জন বিগস নিজেও এই প্রথা বিলোপের পক্ষে, যদিও এর পেছনেও রয়েছে স্থানীয় রাজনীতি। এরা চাইছেন, সরাসরি ভোটে মেয়র নির্বাচনের পদ্ধতি বিলোপ করে তার জায়গায় কাউন্সিলে ‘লিডার ও ক্যাবিনেট’ পদ্ধতি চালু করতে।
তাদের যুক্তি, এর মাধ্যমে ভোটে নির্বাচিত কাউন্সিলরদের হাতে প্রকৃত ক্ষমতা থাকবে এবং ক্ষমতার সুষম বণ্টন সম্ভব হবে। মূলত একজন নির্বাহী মেয়র থাকলে বারার কাউন্সিলররা আর পাদপ্রদীপের আলোতে থাকতে পারেন না। সবার মনোযোগের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন একজন মেয়র। অন্যদিকে এই প্রস্তাবের বিপক্ষে মাঠে নেমেছেন প্রথম সরাসরি ভোটে নির্বাচিত সাবেক মেয়র লুত্ফুর রহমান। ব্যারোনেস পলা উদ্দিনের মতো কিছু রাজনীতিক, কমিউনিটি নেতা এবং ব্যবসায়ী তাকে সমর্থন দিচ্ছেন।
নির্বাচনকে সামনে রেখে এক খোলা চিঠিতে লুত্ফুর রহমান বলেছেন, মেয়র পদ্ধতি বিলোপ হলে টাউন হলে বসে এক দল কাউন্সিলর গোপনে একজনকে ‘লিডার’ বানাবেন। তখন ক্ষমতা চলে যাবে পর্দার আড়ালে। ‘সাধারণ জনগণ নয়, লিডারকে খুশি রাখতে হয় স্বল্প সংখ্যক কিছু কাউন্সিলর এবং নেতাকে টাউন হলে বসে ব্যক্তি-বিশেষের রাজনীতি করতে হয়’। ‘ব্যাপারটা মোটেও সে রকম না,’ বলছেন মেয়র প্রথা বিলোপ সমর্থনকারী সাবেক লেবার কাউন্সিলর হেলাল উদ্দিন আব্বাস। ‘জনগণের কাছে দায়বদ্ধতা নিশ্চিত করতে এবং দুর্নীতি প্রতিরোধ করতে হলে ক্ষমতার বিকেন্দ্রীকরণ জরুরি।’ মেয়র প্রথা বিলোপের পক্ষে যুক্তি তুলে ধরে তিনি বিবিসিকে বলেন, সরাসরি ভোটে নির্বাচিত কাউন্সিলররাই জনগণের প্রকৃত প্রতিনিধি। ভোটারদের ভালোমন্দের দায়-দায়িত্ব তাদেরই। ভোটাররা যদি চান পরবর্তী সময়ে নির্বাচনে তাকে বাদ দিতে পারেন। কিন্তু একজন মেয়রকে সিদ্ধান্ত নিতে হয় এককভাবে, যেখানে ভুল করার সুযোগ থাকে। এ কারণেই এটা বেশ অগণতান্ত্রিক। এখানে যথেষ্ট চেক অ্যান্ড ব্যালেন্স নেই।
