করোনাকালে বাণিজ্য বাড়াতে প্রযুক্তির উন্নয়নের পরামর্শ

আপডেট : ০৬ এপ্রিল ২০২১, ০০:২৬

গতকাল সোমবার দশম ডি-৮ সম্মেলনের প্রথম দিনে করোনা পরিস্থিতিতে ডি-৮ভুক্ত দেশগুলোর বাণিজ্যের গতি অব্যাহত রাখতে প্রযুক্তির উন্নয়নের পরামর্শ দিয়েছেন বক্তারা। তারা বলেন, করোনাকালে বাণিজ্য বাড়াতে যৌথ উদ্যোগ নেওয়া প্রয়োজন। এ লক্ষ্যে দেশগুলোর আন্তঃবাণিজ্য বাড়াতে ই-কমার্সে জোর দিতে হবে। একই সঙ্গে দ্রুত অবকাঠামো ও প্রযুক্তি উন্নয়নের পাশাপাশি শুল্কায়ন প্রক্রিয়াকে সহজ ও অভিন্ন করার পরামর্শও দিয়েছেন তারা।

চার দিনের এই সম্মেলনের অংশ হিসেবে প্রথম দিনে ডি-৮ বিজনেস ফোরাম অনুষ্ঠিত হয়। বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই, তুরস্কের ইউনিয়ন অব চেম্বার অ্যান্ড কমোডিটি এক্সচেঞ্জ (টিওবিবি) ও ডি-৮ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এই ফোরামের আয়োজন করে। করোনা ভাইরাস পরিস্থিতিতে ভার্চুয়ালি এ সম্মেলন অনুষ্ঠিত হয়।  

গতকাল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, করোনা মহামারি পরিস্থিতিতে বিশ্ববাণিজ্য বাধার মুখে পড়লেও ডি-৮ভুক্ত দেশগুলোর বাণিজ্য বাড়ানোর সুযোগ রয়েছে। ই-কমার্সের মাধ্যমে ব্যবসা সহজ করার প্রক্রিয়ায় সবাইকে যুক্ত হওয়ার পাশাপাশি সদস্য দেশগুলোকে বাজার সম্প্রসারণে আরো উদ্যোগী হওয়ার পরামর্শ দেন তিনি। এ সময় বাংলাদেশে বিদ্যমান সুযোগ-সুবিধা তুলে ধরে এখানে বিনিয়োগের আহ্বানও জানান তিনি। প্রযুক্তিতে গুরুত্ব দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনিশও। ডি-৮ভুক্ত দেশগুলোর মধ্যে তথ্য বিনিময়ে ডিজিটাল প্ল্যাটফরম তৈরির প্রস্তাব দেন তিনি।

তুরস্কের বাণিজ্যমন্ত্রী রুশার পিকচান ডি-৮ দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর পরামর্শ দেন। এক্ষেত্রে তুরস্ক সহযোগিতা করতে আগ্রহী উল্লেখ করে তিনি বলেন, এসব দেশের মধ্যে ৫০০ বিলিয়ন ডলারের বাণিজ্যের সুযোগ রয়েছে।

এছাড়া সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, ইন্দোনেশিয়ার ভাইস মিনিস্টার ট্রেড জেরি সাম্বুগা, এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম, ডি এইট মহাসচিব কু জাফার কু শারি ও ডি-৮সিসিআই বিদায়ি সভাপতি রিফাত হিসার্ক কিলিয়গু বক্তব্য দেন।

এবারের সম্মেলনের প্রতিপাদ্য হলো ‘বৈশ্বিক রূপান্তরের জন্য অংশীদারিত্ব : যুব সম্প্রদায় ও প্রযুক্তি শক্তির মুক্তি’। চার দিনের এ সম্মেলনের শেষ দিন ৮ এপ্রিল জোটের শীর্ষ নেতাদের বৈঠক হবে। দুই দশকেরও বেশি সময় পর বাংলাদেশে এবারের শীর্ষ সম্মেলনে সভাপতিত্ব করার পাশাপাশি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডি-৮ দেশের সরকারপ্রধানরা সম্মেলনে বক্তব্য দেবেন। ডি-৮ভুক্ত দেশের তালিকায় বাংলাদেশ ছাড়া অন্য দেশগুলো হলো মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক।

এবার ডি-৮ চেম্বার অব কমার্সের নতুন সভাপতি হয়েছেন এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম। গতকাল সম্মেলনে ডি-৮সিসিআইর নতুন সভাপতির কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ি সভাপতি।