সর্বস্তরের নেতাকর্মী, সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হলেন ঢাকা-১৪ আসনের সরকার দলীয় এমপি ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি আসলামুল হক আসলাম। গতকাল সোমবার বেলা ১১টায় রাজধানীর মিরপুরে গোলারটেক মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, মহানগর আওয়ামী লীগ ও এলাকার লাখো মানুষ অংশ নেন। জানাজা শেষে তাকে প্রথমে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। এরপর ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, নির্বাচনি এলাকার থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ শ্রদ্ধা জানান। নামাজে জানাজা ও শ্রদ্ধা নিবেদন শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, মির্জা আজম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান, সদস্য আনিসুর রহমান, আব্দুল আউয়াল শামীম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, সহ-সভাপতি সাদেক খান এমপি, যুগ্ম-সাধারণ সম্পাদক হাবীব হাসান এমপি, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা, ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, দারুস সালাম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ফরিদুল হক হ্যাপি, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, যুবলীগ ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, স্বেচ্ছাসেবক লীগ ঢাকা উত্তরের সভাপতি ইসহাক হোসেন, সাধারণ সম্পাদক আনিসুর রহমান নাঈম প্রমুখ জানাজায় অংশ নেন।
হূদেরাগে আক্রান্ত হয়ে রবিবার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান মো. আসলামুল হক। আসলামুল হক ছিলেন জাতীয় সংসদের টানা তিন বারের নির্বাচিত সদস্য।
