উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে দ্রুত আইসিইউর ব্যবস্থা করতে হবে ------------- ওয়ার্কার্স পার্টি

আপডেট : ০৬ এপ্রিল ২০২১, ০০:৩১

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা কোভিড-১৯ মহামারির দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণের ব্যাপকতা ও মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। গতকাল সোমবার এক যুক্ত বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করে তারা বলেন, করোনা আক্রান্ত মানুষ যাতে প্রয়োজনীয় চিকিত্সা পায় সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে। প্রধানমন্ত্রী জেলা-উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে আইসিইউর ব্যবস্থা করার কথা বলেছেন, তা দ্রুত কার্যকর করতে হবে।

মেনন-বাদশা বিবৃতিতে বলেন, স্বাস্থ্যবিধি অনুসরণের যে বিধান জারি করা হয়েছে তা মানা বা নির্দেশ মেনে চলার ব্যবস্থা গ্রহণের কোনো উদ্যোগ পরিলক্ষিত হয়নি। সাধারণ মানুষের যাতায়াতের বাহন বন্ধ করে ব্যক্তিগত বাহনে চলাচলের সুযোগ শুধু অমানবিকই নয়, বৈষম্যমূলক। লকডাউনের কারণে নিম্ন আয়ের মানুষ তথা শ্রমজীবী মানুষের জীবিকা সংকটে পড়বে। সংকট মোকাবিলায় তাদের জন্য খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ ও নগদ অর্থ সহায়তা দিতে তারা সরকারের প্রতি আহ্বান জানান।