বিমানবন্দর ও বনশ্রীতে দুই নির্মাণ শ্রমিক নিহত

আপডেট : ০৬ এপ্রিল ২০২১, ০০:৫৫

রাজধানীর বিমানবন্দর ও দক্ষিণ বনশ্রীতে সোমবার বিকালে নির্মাণকাজ করার সময় অসাবধনাবশত বহুতল ভবন থেকে নিচে পড়ে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। নিহতরা হলেন মামুন ও মতিউর রহমান। এদের মধ্যে মামুন রাজমিস্ত্রি ও মতিউর রডমিস্ত্রির কাজ করতেন।

মামুনের সহকর্মী ইকবাল শেখ জানান, সোমবার বিকাল ৪টার দিকে মামুন বিমানবন্দরের ভেতরে একটি নির্মাণাধীন বহুতল ভবনের তিন তলার বাইরের দিকে মাচানের ওপর দাঁড়িয়ে কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত মাচান থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে তাত্ক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ  হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। নিহত মামুন দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার মোহনপুর  গ্রামের মাজেদুল ইসলামের ছেলে।

অন্যদিকে খিলগাঁও থানার এসআই ফেরদৌস জানান, বনশ্রীর একটি নির্মাণাধীন ভবনে রডমিস্ত্রি হিসেবে কাজ করছিলেন মতিউর। সোমবার বিকাল ৩ টার দিকে ভবনের সাততলায় কাজ করার সময় অসাবধনতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। মতিউরের বাড়ি গাইবান্ধার সাঘাটা উপজেলার বগমানপুর গ্রামে।