করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে সরকারের জারি করা লকডাউন কার্যকর করতে গিয়ে পিটিয়ে দুই জনকে হত্যা করা হয়েছে এমন গুজবের কারণে ফরিদপুরের সালথায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনারের (ভূমি) গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। গতকাল সোমবার রাতে এই অভিযোগে থানা ও উপজেলা কমপ্লেক্স ঘেরাও করে এই আগুন দেওয়ার ঘটনা ঘটে।
গতকাল ঘটনার সূত্রপাত হয় উপজেলা সদর থেকে সাড়ে তিন কিলোমিটার দূরের ফুকরা বাজারে। স্থানীয়রা জানিয়েছেন, সরকার ঘোষিত লকডাউন কার্যকর করতে দুই আনসার সদস্য ও ব্যক্তিগত সহকারীকে নিয়ে এসি ল্যান্ড মারুফা সুলতানা ফুকরা বাজারে যান। এ সময় সেখানে চা পান করছিলেন জাকির হোসেন নামের এক ব্যক্তি। স্থানীয়রা অভিযোগ করেন, জাকির হোসেনকে লাঠিপেটা করা হয়। এরপরই ফুকরা বাজারে পুলিশের সঙ্গে স্থানীয়দের কয়েক দফা সংঘর্ষ হয়। এ সময় গুজব ছড়িয়ে পড়ে পুলিশের গুলিতে দুই জন নিহত হয়েছেন। এই খবর পেয়ে শত শত মানুষ এসে থানা ও উপজেলা কমপ্লেক্স ঘেরাও করেন। তারা ইউএনও এবং এসি ল্যান্ডের গাড়িতে আগুন দেন।
