পুরনো রূপে নতুন দিশা!

আপডেট : ০৬ এপ্রিল ২০২১, ২১:০০

 বিনোদন ডেস্ক

এ সময়ের জনপ্রিয় বলিউড তারকা দিশা পাটানিকে শিগগিরই দেখা যাবে ‘রাধে:মোস্ট ওয়ান্টেড ভাই’ সিনেমায়। আগামী ২৩ মে মুক্তি প্রতীক্ষিত এই সিনেমাটিতে বলিউড ভাইজান সালমান খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি। বর্তমানে সিনেমাটি নিয়ে আলোচনা কেন্দ্রে রয়েছেন দিশা। কারণ সালমান খানের সঙ্গে পর্দায় আসা মানেই ক্যারিয়ারে প্রাপ্তিযোগ! বর্তমানে প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন সিনেমাটির কলাকুলশীরা। আর সেই প্রচারণার কাজেই নতুনরূপে ধরা দিয়ে বেশ প্রশংসিত হলেন দিশা। ছবিটিতে যে নতুন লুকে হাজিন হবেন সেই বার্তাই দিয়ে রাখলেন তার ভক্তদের। সম্প্রতি দর্শকদের মনোযোগ আকর্ষণ করতে নিজের ইনস্টাগ্রামে বেশকিছু ছবি পোস্ট করেন দিশা। ছবিতে দিশাকে দেখা গেছে ৯০-এর দশকের সিনেমাটিক লুকে। ছবিগুলো পোস্ট করে দিশা ক্যাপশনে লেখেন, ‘এক ঝলক! রাধে!’ দিশার এমন আবেদনময়ী লুক প্রকাশ্যে আসতেই সকলের নজর কেড়েছে। নিজের প্রেমিক, কলিগ থেকে শুরু করে অনেকেই তার এই লুকের প্রশংসার পাশাপাশি শুভেচ্ছা জানাচ্ছেন।

দিশা বলেন, ‘প্রতিটি কাজে নিজেকে অন্যরকমভাবে প্রকাশ করতে ভালোই লাগে। দর্শকরাও আমাকে সেভাবেই দেখতে চায়। এই সিনেমাটিতেও পুরনো রূপে নতুন দিশাকে দেখবেন তারা। সবচেয়ে বড় কথা সালমানের সঙ্গে ঈদে দারুণ ধামাকা আসছে। অপেক্ষা করুন।’

উল্লেখ্য, সিনেমাটিতে সালমান-দিশাকে ছাড়াও জ্যাকি শ্রফ ও রণদ্বীপ হুদার মতো স্টারদের দেখা যাবে। এছাড়া ‘এক ভিলেন রিটানর্স’ সিনেমাতেও জন আব্রাহামের সঙ্গে আগামী বছরের শুরুতে পর্দায় হাজির হবেন তিনি।