সুদানের দারফুরে জাতিগত সংঘাতে নিহত অর্ধশত

আপডেট : ০৬ এপ্রিল ২০২১, ২১:২০

রয়টার্স

সুদানের পশ্চিম দারফুরে কয়েক দিনের জাতিগত সংঘাতে অন্তত ৫০ জন নিহত ও ১৩২ জন আহত হয়েছেন। মঙ্গলবার পশ্চিম দারফুর রাজ্য চিকিত্সক কমিটি এ তথ্য দিয়েছে।

তিন দিনের সংঘর্ষের পর সুদান সরকার সোমবার রাজ্যটির রাজধানী এল জেনিইনাতে জরুরি অবস্থা ঘোষণা করে। একই দিন জাতিসংঘ পশ্চিম দারফুরে সংঘর্ষে অন্তত ৪০ জন নিহত ও ৫৮ জন আহত হয়েছে বলে জানিয়েছিল। গত বছর শান্তিচুক্তি স্বাক্ষর ও জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী সরিয়ে নেওয়ার পর দারফুর অঞ্চলে সহিংসতার যে পুনরুত্থান দেখা যাচ্ছে পশ্চিম দারফুরে গত কয়েক দিনের রক্তক্ষয় তার মধ্যে সাম্প্রতিকতম।

এবারের সংঘাতে ভারী অস্ত্র ও রকেট চালিত গ্রেনেড ব্যবহূত হয়েছে বলে এলাকাটির বাসিন্দারা জানিয়েছেন। পাশাপাশি রয়টার্সের দেখা জাতিসংঘের এক অভ্যন্তরীণ নিরাপত্তা বুলেটিনেও এ তথ্য উল্লেখ করা হয়েছে। বাসিন্দাদের তোলা ছবি ও ভিডিওতে এল জেনিইনার বিভিন্ন এলাকার ওপরে ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।

চলতি বছরের জানুয়ারিতে পশ্চিম দারফুরের এ রাজধানীতে মাসালিত ও আরব গোত্রগুলোর মধ্যে একই ধরনের সংঘর্ষে অন্তত ১২৯ জন নিহত ও ১ লাখ ৮ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছিল। ২০০৩ সালে সুদানের ওমর আল-বশিরের সরকার বিদ্রোহ দমনে সশস্ত্র মিলিশিয়াদের সহায়তা করার পর থেকেই দারফুর তুমূল সংঘর্ষ ও ব্যাপক প্রাণহানি দেখে আসছে। ২০১৯ সালের এপ্রিলে বশির ক্ষমতাচ্যুত হলেও কর্তৃপক্ষ দারফুরসহ সুদানের বেশ কয়েকটি অঞ্চলে দীর্ঘমেয়াদী শান্তি স্থাপনে হিমশিম খাচ্ছে।