খুলনার পাইকগাছা পৌরসভার আনাচে-কানাচে এবং সড়কে সড়কে উন্নয়নের ছোঁয়া। রয়েছে সড়কবাতি, নেই অন্ধকার। তবে উন্নয়নের ছোঁয়া লাগেনি পৌরসভার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে হাসপাতাল সংলগ্ন ওয়াপদা পর্যন্ত পিচের রাস্তায়। সড়কটি উপজেলার কয়েকটি ইউনিয়নের সঙ্গে উপজেলা সদরের যোগাযোগের প্রধান মাধ্যম। এই সড়কের দিরাই জিংসান প্রি-ক্যাডেট অ্যান্ড জুনিয়র হাই স্কুল থেকে কয়েক গজ পশ্চিমের অংশে সড়কের মোট প্রস্থের প্রায় অর্ধেক ভেঙে চলে গেছে পুকুরে। এ সড়কের ওয়াপদা থেকে কয়েক গজ পশ্চিমের অংশেও ঠিক একই চিত্র। বছরের পর বছর সড়কটি এভাবেই পড়ে আছে। প্রতি বছর এসব ভাঙা স্থান মাটি দিয়ে ভরাট করা হলেও বর্ষা মৌসুমে মাটি ভেঙে পুকুরে চলে যায়। সড়কের প্রস্থ কমে আসায় রাস্তা হয়ে উঠেছে চলাচলের অযোগ্য। এলাকাবাসী চান পুকুরের পাশের অংশে পাইলিং করে রাস্তা মেরামত করা হোক। বিষয়টির প্রতি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. আজিজুল হাকিম রাকিব
শিক্ষার্থী, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
