সিএসডি খাদ্যগুদামের ব্যবস্থাপককে প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ

আপডেট : ০৬ এপ্রিল ২০২১, ২২:০৮

খুলনা অফিস

খুলনায় সিএসডি খাদ্যগুদামের ব্যবস্থাপক মোকলেছ আলামিনকে প্রত্যাহারের দাবিতে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে শ্রমিকরা। গতকাল মঙ্গলবার দুপুরে নগরীর মহেশ্বরপাশা সিএসডি খাদ্যগুদামের শ্রমিকরা মালামাল লোড-আনলোড বন্ধ রেখে সড়ক অবরোধ কর্মসূচি পালন করে। সিএসডি খাদ্যগুদাম শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এসএম শাহ আলম জানান, মহেশ্বরপাশা সিএসডি গুদামের ব্যবস্থাপক মোকলেছ আলামিনের বিভিন্ন অনিয়মের কারণে গত ২৮ মার্চ তাকে অন্যত্র বদলি করা হয়। কিন্তু বদলির ঐ আদেশ স্থগিত করতে তিনি লবিং শুরু করেছেন।

শ্রমিকরা অভিযোগ করে বলেন, তুচ্ছ কারণে শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার, ট্রাক প্রতি চাঁদা দাবি, অনিয়ম ও তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করায় সিএসডি খাদ্যগুদামের ব্যবস্থাপক মোকলেছ আলামিনের ওপর শ্রমিকরা ক্ষিপ্ত। এ অবস্থায় তার বদলি স্থগিতের প্রচেষ্টার বিষয়টি জানাজানি হলে শ্রমিকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। ফলে ক্ষুব্ধ শ্রমিকরা মঙ্গলবার দুপুরে লকডাউনের মধ্যেও টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। পরে সড়ক অবরোধের সংবাদ পেয়ে খুলনা আঞ্চলিক খাদ্য কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ব্যবস্থাপকের বদলি আদেশ কার্যকরের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।