চট্টগ্রামে ৫০ শয্যার আইসোলেশন সেন্টার খুলল চসিক

আপডেট : ০৬ এপ্রিল ২০২১, ২২:০৮

চট্টগ্রাম অফিস

চট্টগ্রাম নগরীর লালদীঘির দক্ষিণ পাড়ে খোলা হয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) আইসোলেশন  সেন্টার। গতকাল মঙ্গলবার দুপুরে চসিকের লাইব্রেরি ভবনের দুটি ফ্লোর নিয়ে গড়ে তোলা ৫০ শয্যার সেন্টারটির উদ্বোধন করেন মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। দুই-এক দিনের মধ্যেই এ সেন্টারে রোগী ভর্তি করা হবে। আইসোলেশন সেন্টারের সমন্বয়কারী চসিকের আরবান হেলথ প্রকল্প পিএ-১-এর প্রকল্প ব্যবস্থাপক ডা. মো. মুজিবুল আলম চৌধুরী বলেন, ৫০ শয্যার মধ্যে দোতলায় ৩৫ শয্যা থাকছে পুরুষদের জন্য, তৃতীয় তলায় ১৫ শয্যা নারীদের। ইতিমধ্যে চসিকের পদায়ন করা ১১ জন চিকিত্সক যোগদান করেছেন। ১০ জন চিকিত্সক সব সময় থাকবেন। এছাড়া ১২ জন প্যারামেডিকস, তিন জন ফার্মাসিস্ট, আট জন ওয়ার্ডবয়, দুই জন স্টোর কিপার, তিন জন ওয়ার্ড মাস্টার রোস্টার অনুযায়ী ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করবেন।