শোক সংবাদ

আপডেট : ০৬ এপ্রিল ২০২১, ২২:০৮

মোহাম্মদ শাহাবউদ্দিন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুদ্দীন খালেদের বাবা অধ্যাপক মোহাম্মদ শাহাবউদ্দিন গত সোমবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। ফেনীতে তার গ্রামের বাড়ি দক্ষিণ জায়লস্করে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি দৈনিক ইত্তেফাকের সহসম্পাদক উম্মে সানজিদা জিনিয়ার শ্বশুর।

জালাল উদ্দিন

ময়মনসিংহের নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সিনিয়র অ্যাডভোকেট জালাল উদ্দিন (৮২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। তিনি নান্দাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েলের পিতা। মঙ্গলবার ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। তিনি বার্ধক্যজনিত কারণে বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি  স্ত্রী,  দুই পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।  জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়েছে।

নূর আলম হাওলাদার

বরিশালের গৌরনদী পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. নূর আলম হাওলাদার (৬৮) ক্যানসারে আক্রান্ত হয়ে সোমবার রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক পুত্র, দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। মঙ্গলবার আসর নামাজের পরে মরহুমের জানাজা শেষে পৌরসভার বড়কসবা মহল্লায় পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।