মহাসড়কে ফুটপাতের অবৈধ বাজার ইজারায়

আপডেট : ০৬ এপ্রিল ২০২১, ২২:১০

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা বাস স্টেশন এলাকায় সড়ক ও জনপথ বিভাগের জমিতে অবৈধভাবে গড়ে ওঠা দোকান ও বাজারের ইজারা কালিয়াকৈর পৌরসভা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সরজমিন তথ্য অনুসন্ধানে জানা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় বাস স্টেশন বাংলাদেশের অন্যতম ব্যস্ততম একটি স্টেশন। ঐ স্টেশন এলাকায় (মহাসড়কের ফুটপাত) সড়ক ও জনপথ বিভাগের সরকারি জমি জবরদখল করে গড়ে উঠেছে দুই শতাধিক দোকান ও বাজার। অবৈধভাবে দখল করে গড়ে ওঠা দোকানপাট নিয়ে অবৈধ বাজার ইজারা দিয়েছে কালিয়াকৈর পৌরসভা। ঐ বাজারে ন্যূনতম দাম নির্ধারণ আড়াই লাখ টাকা। রুবেল হাসান জনি নামে ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠনের এক নেতা প্রভাব খাটিয়ে প্রায় ৭ লাখ টাকায় ঐ বাজারের ইজারা নেন বলে তিনি জানান। মহাসড়কের ফুটপাতে অবৈধভাবে গড়ে ওঠা এসব দোকান থেকে প্রতিদিন ১০০ টাকা করে আদায় করা হয়। বাজারের দুই শতাধিক দোকান থেকে এক মাসেই ৬ লাখ টাকা আদায় করা হয়। 

এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক দোকানমালিকরা বলেন, ‘প্রতিদিন আমাদের কাছ থেকে দোকানপ্রতি ১০০ থেকে ১২০ টাকা করে আদায় করা হয়। যা আমাদের জন্য খুবই কষ্টকর।’ বাজারের ইজারাদার রুবেল হোসেন জনি সাংবাদিকদের বলেন, ‘আমরা প্রায় ৭ লাখ টাকা দিয়ে চন্দ্রা বাজার ইজারা নিয়েছি। আমরা সবকিছু নিয়ম মেনেই করছি।’

কালিয়াকৈর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা জাহিদুল আলম তালুকদার বলেন, ‘পৌর এলাকায় দোকান বা বাজার হলে আমরা ইজারা দিতে পারি। মহাসড়কের ফুটপাতে বাজার বা দোকান হলে আমাদের কী করার আছে? তাছাড়া ৭ লাখ টাকা নয় ঐ বাজার বছরে ৫ লাখ টাকা ইজারা দেওয়া হয়েছে বলে তিনি স্বীকার করেন।’ গাজীপুর জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাইফুদ্দিন বলেন, ‘চন্দ্রা বাস স্টেশন এলাকায় সড়ক ও জনপথ বিভাগের জমিতে অবৈধ গড়ে ওঠা দোকান ও হাটবাজার খুব দ্রুত উচ্ছেদ করা হবে।’