জেলের জালে আটকা পড়ল ঝড়ে নিখোঁজ আরেক জেলের মরদেহ

আপডেট : ০৬ এপ্রিল ২০২১, ২২:১৩

মানিকগঞ্জ প্রতিনিধি

ঝড়ে নিখোঁজের তিন দিন পর গতকাল মঙ্গলবার দুপুরে যমুনা নদীতে জেলের জালে আটকে পড়া রহমত আলীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শিবালয় উপজেলার ঝড়িয়ারবাগ গ্রামের রহমত আলী, সামজদ্দিন, এরশাদ আলী রবিবার বিকালের দিকে ডিঙ্গি নৌকা নিয়ে যমুনা নদীতে মাছ ধরতে যান। মাছ ধরার এক পর্যায়ে সন্ধ্যা ৬টার দিকে ঝড় উঠে। এ সময় নৌকার সামনের দিক থেকে সামজদ্দিন আর পেছনের দিক থেকে রহমত আলী নদীতে পড়ে যান। সামজদ্দিন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও রহমত আলী উঠতে ব্যর্থ হন।

পাটুরিয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার গিয়াস উদ্দিন জানান, শিবালয়ের যমুনা নদীতে মাছ শিকার করতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হন রহমত আলী। খবর পেয়ে গতকাল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারে অভিযান চালায় পাটুরিয়া ভাসমান ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সোমবার সারাদিন চেষ্টার পরও উদ্ধার না হওয়ায় গতকাল সকালে পদ্মার ভাটিতে খোঁজ শুরু করে ডুবুরিরা। এ সময় পদ্মা নদীতে আরিফ নামের এক জেলের জালে আটকে পড়ে রহমত আলীর মরদেহ। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট ঐ জেলের সহযোগিতায় রহমত আলীর মরদেহ উদ্ধার করে পাটুরিয়া লঞ্চঘাট এলাকায় স্বজনদের কাছে হস্তান্তর করে।