ইত্তেফাক ডেস্ক
করোনা সংক্রমণের বিস্তার রোধে সাত দিনের ঘোষিত লকডাউনের দ্বিতীয় দিনেও কঠোরভাবে মানা হয়নি বিধিনিষেধ। বিভিন্ন স্থানে জনসমাগমসহ গণপরিবহন চলার খবর পাওয়া গেছে। সচেতনতার লক্ষ্যে বিভিন্ন স্থানে চালানো হচ্ছে প্রচার-প্রচারণা। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :
দিনাজপুর : এক সপ্তাহের জন্য ‘কঠোর বিধিনিষেধ’ আরোপ করলেও কয়েকটি ক্ষেত্রে উপেক্ষিত হয়েছে এসব বিধিনিষেধ। গণপরিবহনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকলেও দিনাজপুরে চলতে দেখা গেছে যাত্রীবাহী বাস। আর শহরের ভিড় ছিল অন্যান্য দিনের মতোই। শহরে বেশ কিছু দোকান আংশিক খোলা দেখা গেছে।
লক্ষ্মীপুর : পুরোপুরি মানা হচ্ছে না লকডাউন। বাস বা লঞ্চ চলাচল বন্ধ থাকলেও সড়কে চলছে অন্যান্য যানবাহন। স্বাস্থ্যবিধি মেনে খোলা স্থানে বাজার পরিচালনার নির্দেশ থাকা সত্ত্বেও তা মানা হচ্ছে না। লক্ষ্মীপুরে ঢিলেঢালাভাবে অতিবাহিত হচ্ছে লকডাউনের দ্বিতীয় দিন। মঙ্গলবার সকাল থেকে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশাসহ অন্যান্য যানবাহন চলাচল প্রায় স্বাভাবিক রয়েছে। বেশির ভাগ দোকানপাট বন্ধ থাকলেও রাস্তার পাশে ফুটপাত এবং জেলা শহরের চক বাজারের দোকানগুলোতে বেচা-কেনায় বেশ ভিড় দেখা গেছে।
জয়পুরহাট : লকডাউনে দূর পাল্লার বাস বা কোচ চলাচল না করলেও জেলা শহরে মঙ্গলবার মানুষের চেয়ে বেশি স্থানীয় যানবাহন চলাচল করতে দেখা গেছে। জেলা শহরের কাঁচাবাজারে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। সেখানে সামাজিক দূরত্ব বজায় রাখা হচ্ছে না। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসার খবর শুনে দোকান বন্ধ করা হলেও ম্যাজিস্ট্রেট যাওয়ার পরে আবার তা খোলা হচ্ছে। জনগণকে সচেতন করতে প্রচারণা চালানোসহ জেলা পুলিশের সদস্যরা মাঠে কাজ করছে বলে জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা।
রাজারহাট (কুড়িগ্রাম) : রাজারহাটে অত্যন্ত ঢিলেঢালাভাবে লকডাউন চলছে। উপজেলা ঘুরে দেখা গেছে, লকডাউন নিয়ে তেমন কোনো আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে না। গত দুই দিন ধরে মাইকিং করে জনসচেতনতা সৃষ্টির চেষ্টা করা হয়। দোকানপাট সব আগের মতোই খোলা। বিভিন্ন স্থানে ভিড় লক্ষ্য করা যায়।
ছাগলনাইয়া (ফেনী) : ঘোষিত লকডাউন ছাগলনাইয়ায় পুরোপুরি মানা হচ্ছে না। ঢিলেঢালাভাবে চলছে লকডাউন। বাস চলাচল বন্ধ থাকলেও সড়কে চলছে সিএনজি অটোরিকশাসহ অন্যান্য যানবাহন। স্বাস্থ্যবিধি মেনে খোলা স্থানে বাজার পরিচালনার নির্দেশ থাকা সত্ত্বেও তা মানা হচ্ছে না। এদিকে, ছাগলনাইয়া পৌরসভা ও থানা পুলিশের পক্ষ থেকে চলছে করোনা সচেতনতায় প্রচারাভিযান।
নাগেশ্বরী (কুড়িগ্রাম) : নাগেশ্বরীতে লকডাউন চলছে ঢিলেঢালাভাবে। প্রায় সব ব্যবসায়ী তাদের দোকানের একটি সাটার বা দরজা খুলে ব্যবসা করছেন। প্রশাসনের সদস্যদের দেখলেই তা নামিয়ে দিয়ে বন্ধ করে সরে পড়ছেন। সন্ধ্যার অনেক পরেও শহর ও পাড়া-মহল্লার অলিগলিতে অনেককে গল্পগুজবে অলস সময় কাটাতে দেখা গেছে। গণপরিবহন বন্ধ থাকলেও রাস্তা দখল করেছে ব্যাটারিচালিত অটোরিকশা। উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর আহমেদ মাছুম জানান, করোনা সংক্রমণ রোধে প্রশাসনিক তত্পরতা অব্যাহত আছে। মানুষ যাতে মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে চলে, সে বিষয়ে সচেতন করা হচ্ছে।
