দোকান খোলা রাখার দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ

আপডেট : ০৬ এপ্রিল ২০২১, ২২:১৬

ইত্তেফাক ডেস্ক

করোনার সংক্রমণ রোধে সরকারঘোষিত লকডাউনের মধ্যে মার্কেট ও দোকানপাট খোলা রাখার দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। গতকাল মঙ্গলবার লকডাউনের দ্বিতীয় দিনে তারা রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল করেন। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :

সুনামগঞ্জ :সুনামগঞ্জের জাউয়া বাজারের ব্যবসায়ীসহ কর্মচারীরা মিছিল নিয়ে রাস্তায় নামেন। ব্যবসায়ীরা স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলা রাখার জন্য সরকারের অনুমতি চান। জাউয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আছাদুর রহমান বলেন, ‘লকডাউনের কারণে এবারও দোকানপাট বন্ধ থাকলে আমাদের ভিটেবাড়ি বিক্রি করতে হবে। সেজন্য সবাই আন্দোলন করছি।’

সিরাজগঞ্জ :সিরাজগঞ্জে দোকানের মালিক ও কর্মচারীরা সকালে শহরের এসএস রোড এলাকায় শহর ব্যবসায়ী সমিতির আয়োজনে মানববন্ধন করেন। শহর ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে বক্তব্য রাখেন ফরিয়াপট্টি ব্যবসায়ী সমিতির সভাপতি রফিকুল ইসলাম খান, রড-সিমেন্ট ব্যবসায়ী সমিতির সভাপতি নজরুল ইসলাম প্রমুখ। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল সিরাজগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে সর্বস্তরের ব্যবসায়ীরা অংশ নেন।

সাতক্ষীরা : সাতক্ষীরা বস্ত্র ব্যবসায়ী কর্মচারী শ্রমিকরা শহরের বড়বাজারসংলগ্ন ফাল্গুনি বস্ত্রালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে। প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে গিয়ে মানববন্ধনে মিলিত হয়। বক্তব্য রাখেন, সাতক্ষীরা বস্ত্র ব্যবসায়ী কর্মচারী সমিতির সভাপতি কবির হোসেন, মোহিনী বস্ত্রালয়ের কর্মচারী সুজন, মেহেদী প্রমুখ। তারা সরকারের কাছে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা করার আবেদন জানান।

জামালপুর : শহরের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মালিক-কর্মচারীরা। দোকান খোলার দাবি নিয়ে তারা প্রায় এক ঘণ্টা শহরের তমালতলায় অবস্থান নেন। জামালপুর চেম্বার অব কমার্সের নেতারা বিষয়টি প্রশাসনের সঙ্গে আলোচনার আশ্বাস দিলেও শতাধিক দোকানের মালিক ও কর্মচারীরা সড়কেই অবস্থান করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়া ময়মনসিংহের নান্দাইল, টাঙ্গাইলের মির্জাপুর ও জামালপুরের বকশীগঞ্জে লকডাউনবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।