কটিয়াদীতে হঠাত্ গরম হাওয়ায় বোরোর ব্যাপক ক্ষতি

আপডেট : ০৬ এপ্রিল ২০২১, ২২:১৬

কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা

কটিয়াদী উপজেলা দিয়ে গত সোমবার বিকালে বয়ে যাওয়া কালবৈশাখীর সঙ্গে গরম বাতাসে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে সোনালি ধান পুড়ে সাদা ধূসর রূপ ধারণ করেছে। এক দিকে বোরো ধানের শিষ নষ্ট ও অন্যদিকে জমির ধান মাটির সঙ্গে মিশে যাওয়ায় বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা।

সরেজমিনে দেখা যায়, আচমকা ঝড়ে উপজেলার বিঘার পর বিঘা জমির ফসল একবারে মাটির সঙ্গে মিশে গেছে। দমকা বাতাসে বোরো ধানের শীষ পুড়ে নষ্ট হয়ে গেছে। গাছ থেকে ঝরে পড়েছে শজনে, আম, লিচুর ফুল ও গুটি। বিশেষ করে উপজেলার করগাঁও, চান্দপুর, মুমুরদিয়া ইউনিয়নের হাওরের বোরো ধানের বেশি ক্ষতি হয়েছে। উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের কৃষক আসাদ মিয়া জানান, তিনি এক বিঘা জমিতে ধান চাষ করেছিলেন। ঝড়ের সঙ্গে গরম বাতাসে তার জমির ধান নষ্ট হয়ে গেছে। ফলে এ বছর উত্পাদন খরচ আর উঠবে না। তিনি আরো বলনে, শুধু তারই নয়, একই অবস্থা হাওরের সব কৃষকের। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মুকসেদুল হক জানান, কালবৈশাখীর গরম বাতাসে ধানের শিষের পরাগায়ণ বিঘ্নিত হয়ে ও মাটিতে শুয়ে পড়ায় উপজেলার ২ হাজার ৩০০ হেক্টর বোরো ধানের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।