সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
সৈয়দপুরে বোরো ধানের খেতে দেখা দিয়েছে ইঁদুরের উপদ্রব। ফসল বাঁচাতে কৃষকরা ক্ষেতে পলিথিনের ঝান্ডা উড়িয়েছেন। বাতাসে পলিথিন পতপত শব্দ করলে কেউ আসার ভয়ে পালায় ইঁদুর। কামারপুকুর ইউনিয়নের বাগডোকরাগ্রামের কৃষক মোজাক্কের জানান, কৃষি বিভাগের পরামর্শে খেতে পলিথিনের নিশান উড়িয়ে উপকার পেয়েছেন। উপজেলার কামারপুকুর, কাশিরাম বেলপুকুর, খাতামধুপুর, বাঙ্গালিপুর, বোতলাগাড়ি ইউনিয়ন ও সৈয়দপুর পৌর এলাকা ঘুরে দেখা গেছে প্রায় শতাধিক একর জমিতে ইঁদুরের উপদ্রব দেখা দিয়েছে। সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা শাহিনা বেগম বলেন, খেতের পোকামাকড় ও ইঁদুরের উপদ্রুব থেকে ফসল রক্ষা করার জন্য মাঠ পর্যায়ে উপ-সহকারি কৃষি কর্মকর্তারা কাজ করছেন।
