গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা
গোদাগাড়ীতে লকডাউনের মধ্যেও স্কুলে কোচিং চালু রাখায় প্রধান শিক্ষককে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার শ্রীমন্তপুরে অবস্থিত দারুল উসুয়া কিন্ডার গার্টেন নামে স্কুলের প্রধান শিক্ষক জাকির হোসেনকে এ জরিমানা করা হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জানে আলম জানান, করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা অমান্য করে কেউ কেউ কেজি স্কুল চালু রেখেছেন এমন সংবাদ পেয়ে স্কুলটিতে অভিযান চালানো হয়। এ সময় স্কুলের প্রধান শিক্ষককে ২০১৮ সালের সংক্রমণ রোগ (প্রতিরোধ নির্মূল ও নিয়ন্ত্রণ) আইনের ২৫ ধারায় জরিমানা করা হয়েছে।
এদিকে স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা জানান, নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখা ও নিষিদ্ধ সময়ে মোটরসাইকেল নিয়ে চলাফেরার দায়ে ২১ জন দোকানি ও পথচারীকে ১১ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব জরিমানা করা হয়। এদিন সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারেফ হোসেন সন্ধ্যা নদীর পশ্চিমপাড়ে ইন্দুরহাট ও মিয়ারহাটসহ বিভিন্ন পয়েন্টে এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজীর নদীর পূর্বপাড়ে জগন্নাথকাঠি বন্দরসহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
