ফেনীতে বিপুল ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

আপডেট : ০৬ এপ্রিল ২০২১, ২২:১৭

ফেনী প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর রাস্তার মাথায় ১ লাখ ৭ হাজার ৭০০ পিস ইয়াবা পাচারকালে স্বামী-স্ত্রীসহ তিন জনকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

ফেনীর র্যাব-৭-এর কোম্পানি কমান্ডার জুনায়েদ জাহেদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের রামপুর রাস্তার মাথায় সন্দেহভাজন পরিবহনে তল্লাশি চালায় র্যাব সদস্যরা। এ সময় ঢাকাগামী প্রাইভেটকার তল্লাশি করে লাগেজ ও বস্তা মোড়ানো অবস্থায় ১ লাখ ৭ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাইভেটকারে থাকা ওবায়দুর রহমান ও তার স্ত্রী ববি আক্তার এবং মোহাম্মদ কায়েস নামের তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। র্যাব সদস্য নজরুল ইসলাম বাদী হয়ে ফেনী মডেল থানায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেছেন।

ফেনী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ওমর হায়দার জানান, আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।