চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরে মেঘনা নদীতে রবিবার রাতে ঘূর্ণিঝড়ে নৌকাডুবিতে নিখোঁজ পাঁচ জেলের মধ্যে তিন জনের লাশ উদ্ধার হয়েছে। সোমবার বিকালে চাঁদপুর ফায়ার সার্ভিস সদস্যরা হাইমচর চরভৈরবী আমতলী এলাকা থেকে মুনসুর বেপারী নামে এক জেলের লাশ উদ্ধার করে। মঙ্গলবার সকালে মোহাম্মদ আলী ও আলমগীর নামের বাকি দুজনের লাশ ঐ এলাকায় ভেসে উঠলে স্বজনরা উদ্ধার করে বাড়ি নিয়ে যান। নিহত তিন জেলের বাড়ি চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের উত্তর গোবিন্দিয়া গ্রামে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদ শাহনাজ জানিয়েছেন, ঝড়ের কবলে পড়ে পাঁচ জন জেলে নিখোঁজ হয়। উদ্ধার হওয়া তিন জনের লাশ দাফনের ব্যবস্থা করা হয়েছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছে।
