ইত্তেফাক ডেস্ক
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি না মানায় দেশের বিভিন্ন স্থানে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
সিরাজগঞ্জ :সোমবার দিনভর ও মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ শহরসহ বিভিন্ন উপজেলায় চলা অভিযানে ১৩০ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাছ থেকে প্রায় অর্ধলক্ষ টাকা অর্থদণ্ড আদায় করা হয়। সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেন বিষয়টি জানিয়েছেন।
ময়মনসিংহ :লকডাউনের প্রথম দিন সোমবার রাত পর্যন্ত ময়মনসিংহে ২৬৩ মামলায় ২ লাখ ১৪ হাজার ৭১৫ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। এদিন ময়মনসিংহ মহানগরী ও বিভিন্ন উপজেলায় এসব মামলা ও জরিমানা আদায় করা হয়। বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেন, করোনা মোকাবিলায় এমন অভিযান অব্যাহত থাকবে।
নাটোর :মঙ্গলবার সকালে শহরের নীচাবাজার ও স্টেশন এলাকায় অভিযান চালিয়ে চার জনকে ৪৫০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার মো. জিয়াউর রহমান।
নিকলী (কিশোরগঞ্জ) :উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২১ জনকে ২ হাজার ২০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকালে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুদ্দিন মুন্না।
জীবননগর (চুয়াডাঙ্গা) :সরকারি বিধিনিষেধ অমান্য করে ব্যবসা পরিচালনা করায় জীবননগরের তিন ব্যবসায়ী ও মুখে মাস্ক না পরায় পাঁচ পথচারীকে ২ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে প্রথম শ্রেণির নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও এস এম মুনিম লিংকন এ অভিযান পরিচালনা করেন।
