স্পোর্টস ডেস্ক
উসমান ডেম্বেলের শেষ মিনিটের গোলে গত সোমবার রিয়াল ভায়াদলিদকে হারিয়েছে বার্সেলোনা। ঘরের মাঠে ১-০ গোলের এই জয়ে লা লিগা টেবিলের শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের ১ পয়েন্টের ব্যবধানে চলে এসেছে রোনাল্ড কোম্যানের দল।
আগেরদিন সেভিয়ার বিপক্ষে অ্যাটলেটিকো হেরে বসায় হুট করেই লা লিগায় শিরোপার লড়াইটা জমে উঠেছে। সোমবার ন্যু ক্যাম্পে দ্বিতীয় স্থানের দিকে নজর রেখে মাঠে নামলেও ভায়াদলিদের রক্ষণ মেসিদের হতাশই করে যাচ্ছিল। তবে ৮০ মিনিটে ডেম্বেলেকে ফাউল করে ভায়াদলিদ মিডফিল্ডার অস্কার প্লানো লাল কার্ড দেখলে ম্যাচের গতিধারার পরিবর্তন ঘটে। এই স্প্যানিশ মিডফিল্ডার মাঠ ছাড়ার পর আক্রমণের মাত্রা বাড়িয়ে দেয় বার্সা। সেই ধারায় ম্যাচের ৯০তম মিনিটে ডিফেন্ডার রোনাল্ড আরাউহোর পাস থেকে ভলি করে কাঙ্ক্ষিত গোলটি করেন ডেম্বেলে। এই জয়ে লিগ টেবিলের দুইয়ে উঠে যাওয়া বার্সা সামনের সপ্তাহেই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হচ্ছে, মাদ্রিদের ডি স্টেফানো স্টেডিয়ামে।
