কাউখালীতে গার্মেন্টসকর্মীকে হত্যা

আপডেট : ০৬ এপ্রিল ২০২১, ২২:৩৮

পরকীয়া প্রেমের জের ধরে খুন হলেন রাউজানের জয়নগর গুচ্ছগ্রাম এলাকার সাইদুল ইসলামের স্ত্রী শাহানা আক্তার (৩২)। পেশায় গার্মেন্টস কর্মী ও দু সন্তানের জননী শাহানা আক্তারকে কাউখালীতে খুন করা হয়। গত সোমবার রাতে কাউখালীর বেতবুনিয়ার মনাইরটেক মুখছড়ি জঙ্গলে এ ঘটনা ঘটে। হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে কাউখালী থানা পুলিশ স্বামী ও পরকীয়া প্রেমিককে আটক করেছে। এ ব্যাপারে শাহানার বাবা বাদী হয়ে কাউখালী থানায় হত্যা মালা দায়ের করেছে।

কাউখালী থানার ওসি শহিদ উল্লাহ জানান, দীর্ঘদিন ধরে সিএনজি চালক  সাইদুলের স্ত্রী শাহানা আক্তারের (৩২) সাথে পূর্ব জয়নগর বড়ুয়া পাড়ার কালু বড়ুয়ার ছেলে সুজন বড়ুয়ার পরকীয়া প্রেম চলে আসছিলো। চট্টগ্রামের একটি পোশাক কারখানায় কাজ করত শাহানা। গত ৪ এপ্রিল শাহানা বাড়িতে এসে এক সন্তানকে নিয়ে সরাসরি প্রেমিক সুজন বড়ুয়ার বাড়িতে চলে যায়। খবর পেয়ে ঐদিন সন্ধ্যায় শাহানার স্বামী সাইদুল সুজনের বাড়িতে গিয়ে স্ত্রী সন্তানদের নিয়ে আসতে যায়। এ নিয়ে সাইদুল ও সুজনের মধ্যে বাকবিতন্ডা এমনকি হাতাহাতিও হয়। রাত দশটায় সাইদুল স্ত্রীকে আনতে পুনরায় তার আত্মীয়স্বজন নিয়ে সুজন বড়ুয়ার বাড়িতে যায়। এতেও তার স্ত্রী আসতে রাজী হয়নি। দ্বিতীয় দফা সুজন বড়ুয়ার সাথে মারামারিতে জড়িয়ে পড়ে সাইদুল।  ৫ এপ্রিল সকালে প্রেমিক সুজন বড়ুয়ার বাড়ি থেকে শাহানা কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। এরপর থেকে সে নিখোঁজ হয়ে যায়।

গত ৫ এপ্রিল রাতে কাউখালীর বেতবুনিয়া মনাইরটেক মুখছড়ি এলাকায় শাহানাকে মুমূর্ষু অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ শাহনাকে  উদ্ধার করে রাউজান হাসপাতালে ভর্তি করালে সেখানেই তার মৃত্যু হয়। তবে মৃত্যুর আগে শাহানা সুজন বড়ুয়া ছাড়া কারো নাম বলতে পারেনি বলে পুলিশ জানিয়েছে।

হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে কাউখালী থানা পুলিশ রাউজান পুলিশের সহায়তায় জয়নগর এলাকা থেকে স্বামী সাইদুল ইসলাম ও প্রেমিক সুজন বড়ুয়াকে আটক করেছে।