‘মুজিববর্ষের শপথ, নিরাপদ রবে নৌপথ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ৭-১৩ এপ্রিল দেশে নৌ-নিরাপত্তা সপ্তাহ-২০২১ পালিত হবে। অভ্যন্তরীণ নৌ চলাচল নিরাপদ, নির্বিঘ্ন ও নিরবচ্ছিন্ন করাসহ যাত্রীসেবার মানোন্নয়নের লক্ষ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন নৌপরিবহন অধিদপ্তর প্রতিবছর নৌ-নিরাপত্তা সপ্তাহ পালন করছে। আজ সকালে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘নৌ-নিরাপত্তা সপ্তাহ-২০২১-এর উদ্বোধন করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর এ জেড এম জালাল উদ্দিন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। নৌ সেক্টরের মালিক, শ্রমিক সংগঠনের প্রতিনিধি এবং অন্য অতিথিরা ভার্চুয়ালি অংশ নিবেন। নৌ-নিরাপত্তা সপ্তাহ ২০২১ উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী প্রদান করেছেন।
কক্সবাজারের লিংক রোড হতে উনচিপ্রাং
পর্যন্ত সম্প্রসারিত সড়ক উদ্বোধন
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক-এডিবির অর্থায়নে কক্সবাজার-টেকনাফ সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় কক্সবাজারের লিংক রোড হতে উনচিপ্রাং পর্যন্ত সম্প্রসারিত সড়ক উদ্বোধন করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি। মন্ত্রী গতকাল সকালে নিজ বাসভবন হতে ভিডিও কনফারেন্সে সম্প্রসারিত এ সড়কাংশ উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী জানান, প্রায় ৩০৫ কোটি টাকা ব্যয়ে কক্সবাজার-টেকনাফ মহাসড়ক উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় প্রথম ফেজের প্রথম প্যাকেজে কক্সবাজারের লিংক রোড হতে উখিয়া পর্যন্ত ২৫ কিলোমিটার এবং দ্বিতীয় প্যাকেজে উখিয়া হতে উনচিপ্রাং পর্যন্ত ২৫ কিলোমিটারসহ মোট ৫০ কিলোমিটার সড়ক প্রশস্ত করা হয়েছে।
ভিডিও কনফারেন্সে সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন পরকাশ, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আবদুস সবুর, কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, সড়ক ও জনপথ চট্টগ্রাম জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আব্দুল ওয়াহিদসহ মন্ত্রণালয়, সওজ এবং প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাগণ সংযুক্ত ছিলেন।
