বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বাংলাদেশ সফরকালে মিনিস্টার ইন ওয়েটিং হিসেবে যত্নশীল ও চমত্কার সাহচর্যের জন্য কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাককে ধন্যবাদ জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সমপ্রতি তিনি এক চিঠিতে ড. রাজ্জাককে ধন্যবাদ জানান।
চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, আমার সংক্ষিপ্ত ও ব্যস্ত ভ্রমণসূচির সফল বাস্তবায়নের জন্য ভ্রমণকৃত স্থানগুলোর সকল বিষয়ের প্রতি আপনার বিশেষ মনোযোগ আমাকে অভিভূত করেছে। আমি যেসব এলাকা ভ্রমণ করেছি সেসব এলাকার কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দের সাথে আপনার ব্যক্তিগত সুসম্পর্কের বিষয়টি প্রত্যক্ষ করেছি।
ভারতের প্রধানমন্ত্রীর সফরকালে কৃষিমন্ত্রী যে সময় দিয়েছেন ও নিষ্ঠতা প্রদর্শন করেছেন তার উচ্ছ্বসিত প্রশংসা করে নরেন্দ্র মোদি বলেন, সফরকালে আপনার সাথে যেসব বিষয়ে আলোচনা ও মতবিনিময় হয়েছে তা বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ।
উল্লেখ্য, গত ২৬ ও ২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফর করেন।
