ব্রাজিলে ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৪ হাজার ছাড়াল

আপডেট : ০৭ এপ্রিল ২০২১, ২০:৪৯

ভারতে রেকর্ড ১ লাখ ১৫ হাজার রোগী শনাক্ত 

 বিবিসি ও এনডিটিভি

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ব্রাজিলে প্রথম বারের মতো ২৪ ঘণ্টায় ৪ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে করোনা ভাইরাস মহামারি শুরুর পর ভারতে প্রথম বারের মতো ২৪ ঘণ্টায় রেকর্ড ১ লাখ ১৫ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে।

করোনা ভাইরাসের তুলনামূলক বেশি সংক্রামক ‘স্ট্রেইন’ বা ধরনের দাপটে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে এখন কোভিড রোগীও হু হু করে বাড়ছে। হাসপাতালগুলোতে রোগীর উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে; অনেক শহরে চিকিত্সার অপেক্ষায় থাকতে থাকতেই অনেকের মৃত্যু হচ্ছে। ব্রাজিলে মঙ্গলবার পর্যন্ত করোনা ভাইরাস প্রায় ৩ লাখ ৩৭ হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। সাড়ে ৫ লাখের বেশি মৃত্যু নিয়ে যুক্তরাষ্ট্র এখনো করোনা ভাইরাসে মৃত্যুতে বিশ্বের দেশগুলোর মধ্যে সবার ওপরে অবস্থান করছে।

হাসপাতালগুলোতে রোগীর ব্যাপক ভিড় ব্রাজিলের অনেক অঞ্চলের স্বাস্থ্য ব্যবস্থাপনাকে ধসে পড়ার দ্বারপ্রান্তে নিয়ে গেলেও দেশটির প্রেসিডেন্ট জাইর বোলসোনারো প্রাদুর্ভাব মোকাবিলায় যে কোনো ধরনের লকডাউনজাতীয় ব্যবস্থার বিরোধিতা করে আসছেন। বিভিন্ন এলাকায় স্থানীয় কর্তৃপক্ষ সংক্রমণের লাগাম টেনে ধরতে যেসব বিধিনিষেধ আরোপ করেছে তার অনেকগুলো তুলে নিয়ে আদালতের দ্বারস্থ হওয়ারও চেষ্টা করছেন তিনি। মঙ্গলবার পর্যন্ত ব্রাজিলে সরকারি হিসেবেই করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩০ লাখ ছাড়িয়ে গেছে।

এদিকে করোনা ভাইরাস মহামারি শুরুর পর ভারতে প্রথম বারের মতো ২৪ ঘণ্টায় রেকর্ড ১ লাখ ১৫ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে। সংক্রমণের দ্বিতীয় ঢেউ নিয়ে বেহাল ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার অনাকাঙ্ক্ষিত এই মাইলফলকে পৌঁছানোর কথা জানায়। এ পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার পরবর্তী চার সপ্তাহকে ভারতের জন্য ‘খুব, খুবই গুরুত্বপূর্ণ’ বলে মনে করলেও এখনই ১৮ বছরের বেশি বয়সি সবার জন্য টিকাদান শুরুর চিন্তাভাবনা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যসচিব রাজেশ ভুষণ।