সেশনজট থেকে মুক্তি কীভাবে?

আপডেট : ০৭ এপ্রিল ২০২১, ২১:৩৪

এক বছরেরও বেশি সময় সরাসরি শ্রেণিকক্ষে পাঠ গ্রহণ থেকে বিরত শিক্ষার্থীরা। অনলাইনভিত্তিক ক্লাস কার্যক্রম থাকলেও সবার পক্ষে তা সম্ভব হয়নি। করোনাকালে পরীক্ষা নেওয়া সম্ভব না হলে গত বছরের এইচএসসি শিক্ষার্থীদের দেওয়া হয় অটোপ্রমোশন। তবে মানসিক চাপের মুখে পড়েছে এসএসসি ব্যাচ ২০২১। শিক্ষার্থীদের দাবি করোনাকালে সরাসরি পরীক্ষা না নিয়ে বিকল্প পদ্ধতিতে ফলাফল প্রকাশ। এ বছরের ফেব্রুয়ারি মাসে একটি সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করে শিক্ষা মন্ত্রণালয়। সেই সিলেবাসেই শিক্ষার্থীদের সরাসরি ক্লাস করিয়ে জুন মাসে পরীক্ষা নেওয়ার কথা থাকলেও করোনার দ্বিতীয় ঢেউ সম্প্রতি শুরু হয়েছে। প্রতিদিন আক্রান্ত হচ্ছেন আগের থেকেও কয়েকগুণ বেশি। মৃত্যুসংখ্যাও বাড়ছে দিনকে দিন। মাধ্যমিকের ছুটি বাড়ানো হয়েছে ২৩ মে পর্যন্ত। পরীক্ষা হতে পারে আগস্ট মাসে, জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু আসলেও কি তা সম্ভব? যদি আগষ্ট মাসে পরীক্ষা নেওয়া হয় তাহলে ফলাফল প্রকাশে সময় গড়াতে পারে অক্টোবর-নভেম্বর মাস। এরপর কলেজে ভর্তি প্রস্তুতির মাঝেই পেরিয়ে যাবে বছর। এদিকে করোনার প্রকোপ বাড়ছেই। এ অবস্থায় শিক্ষার্থীদের ঝুঁকির মুখে ফেলে পরীক্ষা না নেওয়াই যুক্তিযুক্ত বলে দাবি করছেন অভিভাবকরা। তাহলে কীভাবে সেশনজট থেকে মুক্তি মিলবে, সে ব্যাপারে কর্তৃপক্ষীয় যথাযথ পদক্ষেপ নিয়ে ভাবা প্রয়োজন।

মুহম্মদ ফেরদৌস ওয়াহিদ

কেরাণীরহাট, রংপুর