প্রতি বছর এই সময়ে ঝড়-বৃষ্টি কিংবা প্রবল বেগে বাতাসের আধিক্য লক্ষ করা যায়। যার ফলে গাছপালা, বৈদ্যুতিক খুঁটি ইত্যাদি ভেঙে রাস্তায় পড়ে। সাবধানতা অবলম্বন করে গুরুত্বপূর্ণ সড়ক-মহাসড়কগুলোতে চলাফেরা করা যায়। তবে শহরের অলিগলিতে রাস্তার সঙ্গে গড়ে ওঠা ভবনগুলোর ছাদে কিংবা বারান্দায় রাখা ফল-ফুলের টব পথচারীদের জন্য অত্যন্ত বিপজ্জনক। আর সড়ক-মহাসড়কের মতো অলিগলিতে চলাচলের সময় জনসাধারণকে খুব একটা সাবধানতা অবলম্বন করতে দেখা যায় না। সৌন্দর্য বর্ধনে ব্যবহূত এ টবগুলো ভয়াবহ দুর্ঘটনার কারণ হতে পারে। বাতাসের প্রবল বেগ বা ঝড়-বৃষ্টিতে এগুলো নিচে পড়লে যানবাহন কিংবা পথচারীদের ভয়াবহ ক্ষতি এমনকি প্রাণনাশ পর্যন্ত ঘটা অসম্ভব নয়। দেশের বিভাগীয় শহরগুলোতে বিশেষ করে ঢাকার শ্যামলী, মোহাম্মদপুর, ধানমন্ডি, গুলশান, উত্তরা, মিরপুরে অধিকাংশ বাসার ছাদে বা বারান্দায় ফুলের টব রাখা হয়। যানবাহন কিংবা সর্বসাধারণের জন্য হুমকিস্বরূপ এসব ফুলের টব স্থাপনে সর্বোচ্চ সতর্কতা প্রয়োজন। এ ব্যাপারে সবার দৃষ্টি আকর্ষণ করছি।
মামুন হোসেন আগুন
ঢাকা কলেজ
