নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে বুধবার সকালে দুই ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করেছে এক যুবক। এ সময় আহত হয়েছেন অপর একজন। নিহতরা হলেন ফরহাদ মিয়া (৬০) ও আলী আকবর (৫০)। অভিযুক্ত যুবক আব্দুল মান্নানের ছেলে ইউনুস আলীকে আটক করেছে পুলিশ। স্থানীয়রা জানান, সদর উপজেলার চরাঞ্চলের নজরপুর ইউনিয়নের ছগরিয়াপাড়া গ্রামের কৃষক ফরহাদ মিয়া ও আলী আকবর জমিতে কাজ করছিলেন। এ সময় একই গ্রামের মাদকসেবী ইউনুস আলী হঠাত্ ঐ জমিতে গিয়ে ছুরি দিয়ে তাদের এলোপাতাড়ি আঘাত করে। তাদের চিত্কারে পাশে থাকা সেচ পাম্পচালক সেন্টু মিয়া এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করে। হাসপাতালে নেওয়ার পথে ফরহাদ মিয়া ও ঘটনাস্থলেই আলী আকবর মারা যান। পরে এলাকাবাসী ইউনুস আলীকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। নরসিংদী সদর মডেল থানার ওসি বিপ্লব কুমার দত্ত চৌধুরী বলেন, অভিযুক্ত ইউনুসকে আটকের পর পুলিশ পাহারায় চিকিত্সা দেওয়া হচ্ছে। কী কারণে এ হত্যার ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। ঐ যুবক মাদকাসক্ত বা মানসিক ভারসাম্যহীন কী না তাও ডাক্তারি পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
