লকডাউন ও স্বাস্থ্যবিধি অমান্যের দায়ে বিভিন্ন স্থানে জরিমানা

আপডেট : ০৭ এপ্রিল ২০২১, ২১:৪৪

ইত্তেফাক ডেস্ক

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারঘোষিত বিধিনিষেধ অমান্য করায় ও স্বাস্থ্যবিধি না মানায় দেশের বিভিন্ন স্থানে জরিমানা করেছে ভ্রামমাণ আদালত। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

বরিশাল :স্বাস্থ্য নিরাপত্তা বিধি অমান্য করায় ১২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৪ হাজার ৩০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার জেলা প্রশাসনের দুটি পৃথক অভিযানে এই অর্থদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন ও নিশাত ফারাবী। নগরীর লঞ্চঘাট, নতুন বাজার ও রূপাতলী এলাকায় ভ্রাম্যমাণ আদালতের বিচারকরা এ অভিযান পরিচালনা করেন।

লোহাগাড়া (চট্টগ্রাম) : বুধবার সকালে মার্কেট, কাঁচাবাজারসহ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৩ জনকে ২ হাজার ১৫০ টাকা জরিমানা করা হয়েছে। লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আহসান হাবিব জিতুর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. খোরশেদ আলম চৌধুরী।

আগৈলঝাড়া (বরিশাল) :লকডাউনের বিধি উপেক্ষা করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার দায়ে মঙ্গলবার বিকালে ১২টি প্রতিষ্ঠানের মালিককে তিন হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আবুল হাশেম।

মির্জাপুর (টাঙ্গাইল) :মাস্ক না পরায় বুধবার ১০ জনকে ৫ হাজার ১০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর্জা মো. জুবায়ের হোসেন বলেন, আমরা জনগণকে অনুরোধ করছি লগডাউন ও সরকারি নির্দেশনা পালন করতে।

হাতিয়া (নোয়াখালী) :সরকারি আদেশ অমান্য করে বিভিন্ন বস্ত্রবিতান খোলা রাখার দায়ে হাতিয়ায় পাঁচ দোকানমালিককে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে উপজেলার সাগরিয়া বাজারে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজিব কান্তি রুদ্র। বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে প্রতিদিন আমরা মাঠে কাজ করছি। জরিমানার পাশাপাশি অনেক জায়গায় মাইকিং করেও আমরা জনগণকে সচেতন করার চেষ্টা করছি।