পঞ্চগড় প্রতিনিধি ও তেঁতুলিয়া (পঞ্চগড়) সংবাদদাতা
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে মঙ্গলবার রাতে ছোট ভাইয়ের ধারালো ছুরির আঘাতে বড় ভাই রবিউল আলমের (৪২) মৃত্যু হয়েছে। উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের লালগছ গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। রবিউল আলম ঐ গ্রামের সারাফত আলীর ছেলে। ঘটনার পর ছোট ভাই ফিরোজ হোসেন (৩২) পলাতক রয়েছে। তেঁতুলিয়া মডেল থানার ওসি আবু ছায়েম মিয়া জানান, রবিউল আলম পঞ্চগড় শহরের ইসলামবাগের বাড়ি থেকে মঙ্গলবার সন্ধ্যায় গ্রামের বাড়ি যায়। রাতে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে ফিরোজ ধারালো ছুরি বের করে রবিউলকে এলোপাতাড়ি আঘাত করে। পরে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা দ্রুত তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক ডা. কাউসার আহমেদ মৃত ঘোষণা করেন। ফিরোজকে গ্রেফতারের চেষ্টা করছি।
গুরুদাসপুরে ভাইয়ের
হাতে ভাই খুন
গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা জানান, গুরুদাসপুরে টয়লেট ভাঙাকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে ছোট ভাইয়ের হাতে খুন হয়েছেন বড় ভাই আব্দুল খালেক (৫৫)। ছোট ভাইয়ের নাম আব্দুল মালেক। উপজেলার পুরুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের স্ত্রী জানান, টয়লেটটি ভাঙতে নিষেধ করায় তার স্বামীর সঙ্গে দেবর মালেক ও ভাতিজা রাজ্জাকের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা বঁটি ও হাসুয়া দিয়ে আব্দুল খালেককে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়দের সহায়তায় স্বামীকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। এর সত্যতা নিশ্চিত করে গুরুদাসপুর থানার ওসি মো. আব্দুর রাজ্জাক জানান, ঘটনার পর থেকে আব্দুল মালেক ও তার ছেলে আব্দুর রাজ্জাক পলাতক রয়েছে। এ ঘটনায় হত্যামামলা দায়ের হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে চেষ্টা চলছে।
