মীর্জাগঞ্জে ডায়রিয়ার প্রাদুর্ভাব
মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা মীর্জাগঞ্জের ছয়টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত ১ থেকে ৭ এপ্রিল পর্যন্ত সাত দিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ১২৭ জন নারী-পুরুষ ও শিশু মীর্জাগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি হয়। মীর্জাগঞ্জ উপজেলা হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. তানভির হাসান নেয়ামত এ তথ্য জানিয়েছেন। তিনি আরো জানান, প্রচণ্ড গরম এবং বৈরী আবহাওয়ার কারণে বর্তমানে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ডায়রিয়ার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে উপজেলার ছয়টি ইউনিয়নে মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। তবে হাসপাতালে ডায়রিয়ার পর্যাপ্ত আইভি স্যালাইন ও খাবার স্যালাইনসহ প্রয়োজনীয় ওষুধ রয়েছে।
করোনা আক্রান্ত লাশ দাফন করেছে বারপাইকা আল মদিনা যুব ফাউন্ডেশন
আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী এক নারীর লাশ দাফন সম্পন্ন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন আল মদিনা যুব ফাউন্ডেশন। বুধবার দুপুরে বাগধা ইউনিয়নের উত্তর চাঁদত্রিশিরা গ্রামে সংগঠনের স্বেচ্ছাসেবীরা মরহুমার জানাজা ও লাশ দাফন সম্পন্ন করেছে। বিষয়টি নিশ্চিত করে বাগধা ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল জানান, করোনা আক্রান্ত ঐ নারী মঙ্গলবার রাতে খুলনা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান।
ডামুড্যা বন্দরে স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলার সিদ্ধান্ত
ডামুড্যা (শরীয়তপুর) সংবাদদাতা ডামুড্যা বন্দরে স্বাস্থ্য বিধি মেনে সকাল ৬টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দোকান খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার বন্দরের ব্যবসায়ী মো. জামাল হোসেন ঢালীর গদিতে এক আলোচনা শেষে এ সিদ্ধান্ত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কর্মকর্তা মর্তুজা আল-মুঈদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি, ডামুড্যা পৌরসভার মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল, ডামুড্যা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. শফিকুল্লাহ বেপারীসহ ব্যবসায়ীরা।
ভূমিহীনদের জন্য ঘর নির্মাণ করা হচ্ছে
দুমকি (পটুয়াখালী) সংবাদদাতা উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে প্রায় ১ একর জমির ওপর নির্মিত হচ্ছে ভূমিহীন ও গৃহহীনদের প্রদানের জন্য ৫০টি ঘর। প্রতিটি ঘরের জন্য ১ লাখ ৯০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ বলেন, সবকিছু ঠিক থাকলে আগামী ৩০ এপ্রিলের মধ্যে ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে ঘর হস্তান্তর করতে পারব।
