ইত্তেফাক রিপোর্ট
সায়েদাবাদ এলাকায় একটি নির্মাণাধীন ছয়তলা ভবনের তৃতীয় তলা থেকে ইট পড়ে শিউলি আক্তার (৩৬) নামে এক পথচারী নিহত হয়েছেন। গতকাল বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিত্সকগণ দুপুর সোয়া ১টার দিকে মৃত ঘোষণা করেন। নিহতের বোন শাহনাজ বেগম জানান, তার বোন একটি সমবায় সমিতিতে মাঠকর্মী হিসেবে চাকরি করেন। সায়েদাবাদ এলাকায় সমিতির টাকা কালেকশনের জন্য আর কে চৌধুরী গলির বাসা থেকে বের হন। একটি নির্মাণাধীন ভবনের নিচ দিয়ে যাবার সময় তৃতীয় তলা থেকে একটি ইট তার মাথায় পড়লে তিনি গুরুতর আহত হন। তিনি আরো জানান, তাদের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের বিক্রমপুরে। তার স্বামীর নাম দেলোয়ার হোসেন। যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না নিয়েই ভবনটির নির্মাণ কাজ চলছিল। এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের হয়েছে। ভবনের মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
