সাভারে দুর্ধর্ষ ডাকাতি

আপডেট : ০৭ এপ্রিল ২০২১, ২১:৪৬

স্বর্ণালংকারসহ মালামাল লুট

ইত্তেফাক রিপোর্ট

সাভারে পোশাক কারখানার মালিকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে পৌর এলাকার দক্ষিণ রাজাশন এলাকায় স্থানীয় ডিসান গার্মেন্টস লিমিটেডের এমডি আহছান মিয়ার বাড়িতে এ দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, একটি হিরার আংটি, স্বর্ণালংকারসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। ডাকাতরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে একটি কক্ষে আটকে রেখে তাদের মারধর করে আলমারির তালা ভেঙে নগদ টাকা, ১৫ ভরি স্বর্ণালংকার, একটি হিরার আংটি, ২০ ভরি রুপার অলংকারসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল লুটে নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে দুপুরে সাভার মডেল থানাপুলিশ ঐ বাড়ি পরিদর্শন করলেও লুণ্ঠিত মালামাল বা এর সঙ্গে জড়িত সন্দেহ কাউকে আটক করতে পারেনি পুলিশ। সাভার মডেল থানার ওসি তদন্ত সাইফুল ইসলাম বলেন, লুণ্ঠিত মালামাল উদ্ধার ও ডাকাতদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের হয়েছে।