শীতলক্ষ্যা ট্রাজেডিতে বন্দর থানায় মামলা

আপডেট : ০৭ এপ্রিল ২০২১, ২১:৪৭

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের বন্দর থানার মদনগঞ্জ কয়লাঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে বেপরোয়া গতিতে পণ্যবাহী জাহাজ চালিয়ে সাবিত আল হাসান নামে মুন্সীগঞ্জগামী একটি লঞ্চ ডুবিয়ে ৩৫ জন যাত্রীকে হত্যার অভিযোগে মামলা দায়ের করেছে বিআইডব্লিউটিএ। গত মঙ্গলবার রাতে জেলার বন্দর থানায় মামলাটি দায়ের করেন বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের উপপরিচালক (নৌ নিট্রা) বাবু লাল বৈদ্য। মামলায় হত্যার উদ্দেশ্যে বেপরোয়া গতিতে পণ্যবাহী জাহাজ চালিয়ে লঞ্চটি ডুবিয়ে ৩৫ জনের প্রাণহানি ঘটানো হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। তবে মামলায় আসামি হিসেবে কারো নাম উল্লেখ করা হয়নি। মামলার বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, আশা করছি খুব শিগিগরই দোষীদের গ্রেফতার করা সম্ভব হবে। উল্লেখ্য, শীতলক্ষ্যা নদীর ওপর নির্মাণাধীন সৈয়দপুর-মদনগঞ্জের নির্মাণাধীন শীতলক্ষ্যা সেতুর নিচে কয়লাঘাট এলাকায় এসকেএল-৩ নামের একটি লাইটার জাহাজের ধাক্কায় সাবিত আল হাসান নামের নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জগামী লঞ্চটি অর্ধশতাধিক যাত্রী নিয়ে ডুবে যায়। গত মঙ্গলবার দুপুর পর্যন্ত ৩৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও আটক হয়নি ঘাতক এসকেএল-৩ নামের জাহাজটি।