ইত্তেফাক রিপোর্ট
‘মুজিববর্ষের শপথ, নিরাপদ রবে নৌপথ’ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল বুধবার থেকে শুরু হয়েছে নৌ-নিরাপত্তা সপ্তাহ-২০২১। গতকাল নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে ভার্চুয়ালি ‘নৌ-নিরাপত্তা সপ্তাহ-২০২১’-এর উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি। স্বরাষ্ট্রমন্ত্রী নৌখাতের আরো উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান। বৈশাখী ঝড়ের সময়ে নদীপথে জাহাজ চলাচলের ক্ষেত্রে আরো সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি। যাত্রীসাধারণের প্রতি সতর্কতার সঙ্গে চলার অনুরোধ জানান। নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর এ জেড এম জালাল উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি, নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি (ভার্চুয়ালি), নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান সৈয়দ মো. তাজুল ইসলাম, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক প্রমুখ।
