রিয়ালের আগ্রাসি জয়

আপডেট : ০৭ এপ্রিল ২০২১, ২২:১১

ফোডেনের গোলে এগিয়ে সিটি

রিয়াল মাদ্রিদ ৩

লিভারপুল ১

ম্যান সিটি ২

ডর্টমুন্ড ১

 স্পোর্টস ডেস্ক

দলীয় অধিনায়ক ও সেন্টার-ব্যাক সার্জিও রামোস ইনজুরির জন্য আগে থেকেই বাইরে। ম্যাচের মাত্র কয়েক ঘণ্টা আগে করোনার জন্য ছিটকে যান অপর সেন্টার-ব্যাক রাফায়েল ভারানেও। মৌসুম জুড়েই এরকম ফিটনেস সমস্যায় জর্জরিত রিয়াল মাদ্রিদ মঙ্গলবারের ‘বড় ম্যাচ’-এ আবার ঠিকই হাজির হয়েছে তাদের চিরায়ত খুনে ভূমিকায়। মদ্রিচ-ক্রুসদের মধ্যমাঠের দাদাগিরি ও তরুণ উইঙ্গার ভিনিশিয়াস জুনিয়রের জোড়া গোলে এদিন উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে লিভারপুলকে ৩-১ ব্যবধানে হারিয়েছে জিনেদিন জিদানের দল। অপর কোয়ার্টারে ২০ বছর বয়সি ফিল ফোডেনের শেষ মিনিটের গোলে বরুশিয়া ডর্টমুন্ডকে ২-১ ব্যবধানে হারিয়েছে স্বাগতিক ম্যানচেস্টার সিটি।

লিভারপুল অনেক আগেই তাদের মূল তিন সেন্টার-ব্যাককে পুরো মৌসুমের জন্য হারিয়েছে। তাদের জায়গায় একাদশে জায়গা করে নেওয়া দুই তরুণ সেন্টার-ব্যাক এবং আগে থেকেই রক্ষণে দুর্বল রাইটব্যাক ট্রেন্ট অ্যালেক্সান্ডার আর্নল্ডকে কেন্দ্র করেই মঙ্গলবার রণকৌশল সাজিয়েছিলেন জিদান। ক্যাসেমিরো, টনি ক্রুস ও লুকা মদ্রিচ মিডফিল্ডে তাদের কর্তৃত্ব বজায় রেখে সেই লক্ষ্যে সাহায্য করেছেন। যে কারণে মাদ্রিদের ডি স্টেফানো স্টেডিয়ামে শুরু থেকেই লিভারপুলের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল স্বাগতিকরা। টনি ক্রুসের মাঠ-চেড়া লং পাস ও ভিনিশিয়াসের বিচক্ষণতায় লিভারপুলের রক্ষণকে হতবাক করে দিয়ে ২৭তম মিনিটে এগিয়ে যায় মাদ্রিদ। রাইটব্যাক আর্নল্ডের একটি ভুলকে কাজে লাগিয়ে ৯ মিনিটের মধ্যে ব্যবধান দ্বিগুণ করেন মার্কোস আসেনসিও। দ্বিতীয়ার্ধের শুরুতে লিভারপুল ম্যাচের কর্তৃত্ব কেড়ে নিয়ে একটি গোল পরিশোধ করলেও রক্ষণের অসাবধানতায় আরেকটি গোল হজম করে ইংলিশ চ্যাম্পিয়নরা।

দলের পারফরম্যান্সে ক্ষুব্ধ লিভারপুল ম্যানেজার য়ুর্গেন ক্লপ ম্যাচশেষে বলেছেন, ‘সেমিতে যেতে হলে আপনাকে সেমিফাইনালিস্টদের মতো খেলতে হবে। আজ যেটা মোটেও করিনি আমরা, বিশেষ করে প্রথমার্ধে।’ তার শিষ্যরা রিয়াল মাদ্রিদের জন্য ম্যাচটা ‘সহজ’ করে দিয়েছিল, এই দাবি করে ক্লপ এটাও স্বীকার করেছেন, মোহামেদ সালাহর পা থেকে আসা দলের একমাত্র ‘এওয়ে গোল’টির জন্য পরের লেগে কিছুটা হলেও আশা থাকছে অলরেডদের। এই দুই দলের মধ্যকার দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে ১৪ই এপ্রিল, অ্যানফিল্ডে।

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টারে উঠামাত্রই যেন স্নায়বিক চাপে পড়ে যায় ম্যান সিটি। মঙ্গলবার ডর্টমুন্ডের বিপক্ষেও ব্যতিক্রম হয়নি। ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের ১৯তম মিনিটে কেভিন ডি ব্রুইনা গোল করে স্বাগতিকদের এগিয়ে নিয়ে গেলেও গোলকিপার এডারসন মোরায়েসের ভুলে প্রথমার্ধেই গোল করে বসেছিল ডর্টমুন্ডের ১৭ বছর বয়সি মিডফিল্ডার জুড বেলিংহাম। কিন্তু মাঠের রেফারি সিটির পক্ষে বাঁশি দেওয়ায় এবং ‘কথিত’ ফাউলটি ডিবক্সের বাইরে হওয়ায় ভিএআর হস্তক্ষেপ করেনি। তবে ম্যাচের ৮৪ মিনিটে গিয়ে ঠিকই কাঙ্ক্ষিত এওয়ে গোলটি আদায় করে নিয়েছে ডর্টমুন্ড অধিনায়ক মার্কো রয়েস। সব প্রতিযোগিতা মিলিয়ে ৭৯০ মিনিটে সিটির জালে জড়ানো প্রথম গোল ছিল এটি। গোল খেলেও দিনশেষে শেষ হাসিটা হেসেছে সিটিজেনরাই। ৯০ মিনিটে ইকাই গুন্দোগানের পাস থেকে গোল করে দ্বিতীয় লেগের জন্য দলকে প্রয়োজনীয় লাইফলাইনটি দিয়েছেন তরুণ উইঙ্গার ফিল ফোডেন।