জাতীয় দলের নতুন স্পনসর দারাজ

আপডেট : ০৭ এপ্রিল ২০২১, ২২:১২

স্পোর্টস রিপোর্টার

আগামী দুই বছরের জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পনসর হয়েছে দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফরম দারাজ। স্পনসরশিপের আওতায় বাংলাদেশ জাতীয় পুরুষ-নারী দল, বাংলাদেশ ‘এ’ দল ও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের জার্সিতে শোভা পাবে দারাজের লোগো। দারাজের অঙ্গপ্রতিষ্ঠান হাংরিনাকি (অনলাইন ফুড সার্ভিস) বাংলাদেশ দলের কিট স্পনসর হয়েছে।

চুক্তি অনুযায়ী ৭ এপ্রিল ২০২১ থেকে ৩০ নভেম্বর ২০২৩ পর্যন্ত জাতীয় দলের স্পনসর থাকছে দারাজ। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিবি।

করোনাকালে সিরিজ বাই সিরিজ নীতিতে এগিয়ে গেলেও এবার দীর্ঘ মেয়াদে স্পনসর পেয়েছে বিসিবি। ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত দারাজই টাইগারদের স্পনসর।

দারাজকে স্বাগত জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এক সংস্থার সঙ্গে জুটি গড়তে পেরে বিসিবি উচ্ছ্বসিত। আমি দারাজকে ধন্যবাদ দিতে চাই বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমি নিশ্চিত, এটা শক্ত এক বন্ধন হবে যেহেতু আমাদের একই লক্ষ্য—বাংলাদেশ ক্রিকেটের সাফল্য।’ দারাজের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদাল হক বলেছেন, ‘এটা আমাদের জন্য একটা শুভমুহূর্ত, কারণ দেশের জন্য কিছু করার সুযোগ পাওয়াটা দারুণ প্রশান্তি দেয়। জাতীয় ক্রিকেট দলের পৃষ্ঠপোষক হয়ে আমরা খেলার সঙ্গে জড়িত আবেগ ও গৌরবের অংশ হলাম। আমরা অনাগত বছরগুলোতে অনেক সাফল্য উদ্যাপন করতে মুখিয়ে আছি।’