স্পোর্টস ডেস্ক
বোর্ডে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের জন্য পাকিস্তান ফুটবল ফেডারেশনের (পিএফএফ) সদস্যপদ ‘জরুরি ভিত্তিতে’ স্থগিত করেছে ফিফা। এর ফলে সব ধরনের ফুটবল থেকেই নিষিদ্ধ ঘোষিত হলো পাকিস্তান। গতকাল নিজস্ব ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। ফিফা র্যাংকিং-এর ২০০তম দল, পাকিস্তানের ফুটবল বোর্ডে অস্তিরতা বিরাজ করছে বেশ কিছু দিন ধরেই। পিএফএফ-এ হারুন মালিকের নেতৃত্বাধীন ও ফিফা স্বীকৃত ‘নরমালাইজেশন কমিটি’কে ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল কয়েক বছর ধরেই। এই কমিটিকে বাতিল করে সুপ্রিম কোর্ট সৈয়দ আশফাক হুসেন শাহর নেতৃত্বাধীন একটি কমিটির হাতে পিএফএফের দায়ভার তুলে দেয়। সুপ্রিম কোর্টের রায়ের পরও নরমালাইজেশন কমিটি দায়িত্ব না ছাড়লে সম্প্রতি একদল আন্দোলনকারী লাহোরে পিএফএফের কার্যালয় দখল করে ফেলে। আর বেদখলের জবাবেই পাকিস্তানের সদস্যপদ প্রত্যাহার করে নেয় ফিফা। তৃতীয় পক্ষের হস্তক্ষেপ তাদের নীতিতে একটি ‘গুরু অপরাধ’ জানিয়ে ফিফা ঐ বিবৃতিতে আরো জানিয়েছে, ফিফা অনুমোদিত কোনো কমিটি দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত পাকিস্তানের সদস্যপদ ফিরিয়ে দেওয়া হবে না। এর আগে ২০১৭ সালেও পাকিস্তানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ফিফা। এদিকে সরকারি হস্তক্ষেপের জন্য আফ্রিকান দেশ, চাঁদের সদস্যপদও স্থগিত করেছে ফিফা।
