সিপিবি নেতা ও ডাকসুর সাবেক জিএস মোর্শেদ আলী আর নেই

আপডেট : ০৭ এপ্রিল ২০২১, ২২:৩১

ইত্তেফাক রিপোর্ট

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কন্ট্রোল কমিশনের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সাধারণ সম্পাদক (জিএস) বীর মুক্তিযোদ্ধা মোর্শেদ আলী আর নেই (ইন্না লিল্লাহি... রাজিউন)। গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭৬ বছর।

মোর্শেদ আলী শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য মোর্শেদ আলীর মরদেহ পুরানা পল্টনে সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে নেওয়া হয়। সেখানে সিপিবিসহ বিভিন্ন বাম দল তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। পরে মরদেহ পাবনার ইশ্বরদীতে তার গ্রামের বাড়িতে নেওয়া হয়। গার্ড অব অনার ও নামাজে জানাজা শেষে সেখানেই তাকে দাফন করার কথা।

সিপিবি ছাড়াও মোর্শেদ আলীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট।

বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন—বামজোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক ও বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ, জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সদস্য সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদ (মার্কসবাদী) এর সাধারণ সম্পাদক মুবিনুল হায়দার চৌধুরী, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ ও সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক।

মোর্শেদ আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি ও দলের সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম। গতকাল এক শোকবার্তায় জেপির নেতৃদ্বয় বলেন, তার মৃত্যুতে দেশ একজন দেশপ্রেমিক রাজনৈতিক ব্যক্তিত্বকে হারাল। জেপির চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক তার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এক শোকবার্তায় বলেন, মোর্শেদ আলী ছিলেন সমাজ বদল ও সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রমের একজন একনিষ্ঠ নেতা।

আরেক শোকবার্তায় জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেন, সমাজ পরিবর্তনের বিপ্লবী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালনের মধ্য দিয়ে জাতীয় রাজনীতিতে অভিভাবকসম ঐতিহাসিক ভূমিকা রেখেছেন তিনি।