আট হাজার টাকা চুরির অভিযোগে আশরাফুল ইসলাম (১৬) নামে গাইবান্ধার এক কিশোরকে প্লাস দিয়ে আঙুল চেপে ধরে হকিস্টিক দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে। ঢাকার একটি প্রতিষ্ঠানে স্টোরকিপার পদে চাকরিরত ঐ কিশোরকে সোমবার রাতে প্রতিষ্ঠানের মালিক ও কর্মচারী মধ্যযুগীয় কায়দায় এভাবে নির্যাতন করে।
বুধবার সকালে শরীর জুড়ে অসংখ্য জখমের চিহ্ন নিয়ে আশরাফুল ইসলাম গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে। আহত আশরাফুল ইসলাম গাইবান্ধার মধ্য ফলিয়া গ্রামের হতদরিদ্র আব্দুল আজিজ মিয়ার ছেলে।
আশরাফুল ইসলাম জানান, গত ৩১ মার্চ আশরাফুলকে ঢাকায় নিয়ে যায় প্রতিবেশী রাকিব। পরে পহেলা এপ্রিল রাকিবের মাধ্যমে আশরাফুল ধানমন্ডির ঐ প্রতিষ্ঠানে স্টোরকিপার পদে চাকরিতে যোগদান করেন।
তিনি অভিযোগ করেন, মাত্র আট হাজার টাকা চুরির অভিযোগ এনে ঐ প্রতিষ্ঠানের মালিক ও তাকে সোমবার রাতে টানা দেড়ঘণ্টা নির্যাতন করে।
তিনি বলেন, প্লাস দিয়ে আঙুল চেপে ধরে কাঠের বাতি আর হকিস্টিক দিয়ে তাকে পেটানো হয়। পরে শরীরে গরম পানি দেওয়ার ভয় দেখিয়ে জোরপূর্বক সেই চুরির দায়ের স্বীকারোক্তি ভিডিও করা হয়। এ ছাড়া সাদা কাগজে আশরাফুলের স্বাক্ষরও নেওয়া হয়।
এ বিষয়ে অভিযুক্ত প্রতিষ্ঠানের মালিককে ফোনে পাওয়া যায়নি, তবে মারপিটের কথা স্বীকার করেন ঐ প্রতিষ্ঠানের কর্মচারী মিজান।
গাইবান্ধা সদর থানা ওসি (তদন্ত) মো. মজিবর রহমান জানান, বিষয়টি জানার পর আশরাফুলের স্বজনদের ধানমন্ডি থানায় মামলার পরামর্শ দেওয়া হয়েছে।
